২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে হামাসের হামলায় ১২ থাই ও ১০ নেপালি নিহত

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিও ইসরায়েলে তাদের নাগরিক নিহত, অপহৃত বা নিখোঁজ থাকার খবর নিশ্চিত করেছে।

ইসরায়েলে হামাসের হামলায় ১২ থাই ও ১০ নেপালি নিহত

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 08:45 PM

Updated : 09 Oct 2023, 08:54 PM

গাজা থেকে ইসরায়েলে গত শনিবার হামাসের নজিরবিহীন হামলায় থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও ১১ থাই নাগরিককে হামাস যোদ্ধারা ধরে নিয়ে গেছে। হামলায় দেশটির আট নাগরিক আহতও হয়েছেন। নেপাল তাদের ১০ নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে।

থাই নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে থাইল্যান্ডের বিমান বাহিনীর উড়োজাহাজ প্রস্তুত আছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ইসরায়েলে কৃষিক্ষেত্রে প্রায় ৩০ হাজার থাই নাগরিক কাজ করেন। তাদের মধ্যে অনেকেই গাজা সীমান্তের কাছে বিভিন্ন খামারে কর্মরত ছিলেন। হামাস ইসরায়েলের যে অংশে হামলা চালিয়েছে সেখানে প্রায় পাঁচ হাজার থাই নাগরিক কাজ করতেন বলে জানিয়েছেন সে দেশের শ্রমমন্ত্রী।

তিনি বলেছেন, এখন পর্যন্ত এক হাজার ৯৯ জন দেশে ফেরার জন্য নাম নিবন্ধন করেছেন।

গাজা উপত্যকার কাছের শহর মিভতাহিমের একটি খামারে কাজ করা থাই শ্রমিক উদোমপর্ন চাম্পাহোম বিবিসি-কে বলেন, “হামাস প্রথমে আমাদের খামারে রকেট হামলা চালায়। তারপর তারা এখানে এসে রীতিমত তাণ্ডব করে। আমি কোনোমতে দৌড় নিজের শোবার ঘরে লুকিয়ে পড়ি।”

পরে ইসরায়েলের সেনাসদস্যরা উদোমপর্নকে উদ্ধার করে। উদোমপর্ন জানান, তার সঙ্গে কাজ করা আরেক থাই নাগরিকের পায়ে গুলি লেগেছে।

ইসরায়েলে ৫০টির বেশি দেশের নাগরিকরা কাজ করেন বলে জানিয়েছে বিবিসি। নেপাল জানিয়েছে, ইসরায়েলে তাদের যে ১০ নাগরিক নিহত হয়েছে তারা সবাই শিক্ষার্থী ছিল এবং একটি ফার্মে কৃষির উপর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ নিচ্ছিল।

তাদের একজন ২৭ বছরের রাজেশ কুমার। নেপালে রাজেশের ভাই মুকেশ বলেন, “আমি আমার ভাইকে ইসরায়েল যেতে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমাদের জোর করেছে। বলেছ, সে সেখানে বৃত্তি পেয়েছে এবং বৃত্তির টাকা একটু একটু করে জমাচ্ছে। যাতে ইসরায়েলে লেখাপড়া শেষে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য আবেদন করতে পারে।”

ইসরায়েলে আরও ২৬৫ জন নেপালি শিক্ষার্থী নানা খামারে কাজ করেন। এছাড়াও আরো প্রায় সাড়ে চার হাজার নেপালি কেয়ারগিভার হিসেবে দেশটিতে কর্মরত আছেন।

নেপালের দূতাবাসকে ইসরায়েলের পুলিশ জানিয়েছে, নেপালের এক নাগরিক এখনো নিখোঁজ এবং চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিও ইসরায়েলে তাদের নাগরিক নিহত, অপহৃত বা নিখোঁজ থাকার খবর নিশ্চিত করেছে। প্রায় ১৮ হাজার ভারতীয় ইসরায়েলে বসবাস করে বা কাজ করে বলেও খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।