২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রুপিতে লেনদেন চুক্তি ভারতের

নানা কারণে ডলারের দাম বেড়ে যাওয়ায় বাণিজ্য লেনদেনের জন্য রুপিকে ডলারে রূপান্তর করতে ভারতের ব্যয় বেড়ে গেছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রুপিতে লেনদেন চুক্তি ভারতের

আবুধাবিতে শনিবার বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

রয়টার্স

Published : 15 Jul 2023, 11:09 PM

Updated : 15 Jul 2023, 11:39 PM

ডলারে নয় বরং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এখন থেকে বাণিজ্য লেনদেন রুপিতে করবে ভারত। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্যে শনিবার ওই চুক্তি সই হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

নানা কারণে বিশ্বজুড়ে মার্কিন ডলারের দাম বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী। ফলে বাণিজ্য লেনদেনের জন্য রুপিকে ডলারে রূপান্তর করতে ভারতের ব্যয় বেড়ে গেছে। এ অবস্থায় নানা দেশের সঙ্গে সরাসরি রুপিতে লেনদেন করার চেষ্টা করছে ভারত।

দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তরের বিষয়টি নির্বিঘ্ন করতে একটি রিয়েল-টাইম পেমেন্ট লিংক গড়ে তোলার বিষয়েও উভয় দেশ একমত হয়েছে।

শনিবার এ বিষয়ে ভারতের রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “এই দুটি চুক্তি সীমাহীন আন্তঃসীমান্ত লেনদেন এবং অর্থপ্রদান ও বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতাকে উৎসাহিত করবে।”

বিশ্বের তৃতীয় বৃহৎ তেল আমদানিকারক এবং ভোক্তা দেশ ভারত। গত বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক বিশ্বজুড়ে রুপিতে বাণিজ্য লেনদেনের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করে।

ভারত সংযুক্ত আরব আমিরাত থেকে ডলারে তেল আমদানি করে আসছে।

২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত দুই দেশের মধ্যে ৮৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য লেনদেন হয়েছে।

ভারত-সংযুক্ত আরব আমিরাত নতুন চুক্তির বিষয়ে বিস্তারিত জানা আছে এমন এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়, এই চুক্তির অধীনে ভারত রুপিতে তাদের প্রথম আমদানি বিল পরিশোধ করবে আবু ধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন (এডিএনওসি) কে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরো জানিয়েছে, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এবং সংযুক্ত আরব আমিরাতের ইন্সট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম (আইপিপি) এর মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের বিষয়েও একমত হয়েছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে এভাবে সরাসরি লেনদেন করার প্রবণতা বাড়ছে। এতে বিল পরিশোধের খরচ কমে আসছে।

সংযুক্ত আরব আমিরাতে এক দিনের সফরে শনিবার সকালেই আবু ধাবি পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।