২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরকিনা ফাসোতে ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ দুটি হামলায় নিহত ৪৪

সাহেল অঞ্চলের কুরাকু ও তন্দুবি গ্রামে এই হামলা হয়। ওই অঞ্চলে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিরা বেশ সক্রিয়।

বুরকিনা ফাসোতে ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ দুটি হামলায় নিহত ৪৪

ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 04:07 PM

Updated : 09 Apr 2023, 04:07 PM

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে অজ্ঞাত সন্ত্রাসীদের ‍দুটি হামলায় ৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে সাহেল অঞ্চলের কুরাকু ও তন্দুবি গ্রামে ওই সন্ত্রাসীরা হানা দেয়; এরপর রাতভর তাদের হামলা চলে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই সাহেল অঞ্চলে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিরা বেশ সক্রিয়, বেশ কয়েক বছর ধরেই তারা ওই এলাকার বিভিন্ন গ্রাম ও শহরে একের পর এক হামলাও চালিয়ে আসছে।

বৃহস্পতিবারের রাতের হামলাগুলো কারা চালিয়েছে তা স্পষ্ট নয়। শনিবার কর্তৃপক্ষ হামলার দায় ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর’ ওপর চাপিয়েছে।

সহিংসতা বিশ্বের অন্যতম দরিদ্র দেশ বুরকিনা ফাসোতে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, উদ্বাস্তুতে পরিণত করেছে ২০ লাখের বেশি মানুষকে।

এই অস্থিরতার মধ্যে দেশটি গত বছর ‍দুটি অভ্যুত্থানও দেখেছে। অভ্যুত্থানকারীরা দেশের সমগ্র অঞ্চলের নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করলেও এখন পর্যন্ত রক্তপাত থামাতে পারেনি।