২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিটলারের ‘মাইন ক্যাম্ফ’ পড়িনি: ট্রাম্প

‘অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত বিষাক্ত করছে’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এমন কথা বললেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

হিটলারের ‘মাইন ক্যাম্ফ’ পড়িনি: ট্রাম্প

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 21 Dec 2023, 05:49 PM

Updated : 21 Dec 2023, 05:49 PM

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কখনও জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বই ‘মাইন ক্যাম্ফ’ পড়েননি। তাই অভিবাসীদের নিয়ে মন্তব্যের ক্ষেত্রে তার হিটলারের উদ্ধৃতি দেওয়ার প্রশ্ন নেই।

অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত বিষাক্ত করছে বলে মন্তব্য করে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। অভিবাসীদের এমন আক্রমণ করে বলা ট্রাম্পের কথায় হিটলারের বক্তব্যের প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে বলে কটাক্ষ করেছেন অনেকে।

গত সপ্তাহে শনিবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প রেকর্ড সংখ্যক অভিবাসীর অবৈধভাবে যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রমের চেষ্টার বিরুদ্ধে সমাবেশ করেন।

ডারহাম নগরীতে কয়েক হাজার সমর্থকের অংশগ্রহণে আয়োজিত এক সমাবেশে ট্রাম্প বলেন, “তারা (অভিবাসীরা) আমাদের দেশের রক্ত বিষাক্ত করছে। দক্ষিণ আমেরিকা-সহ এশিয়া এবং আফ্রিকা থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসছে। সারা বিশ্ব থেকে তারা আমাদের দেশে এসে ভিড় জমাচ্ছে।”

ট্রাম্প এর আগেও ‘দ্য ন্যাশনাল পালস’ নামের ডান-পন্থি ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে একইভাবে ‘রক্ত বিষাক্ত করা’ ভাষাটি ব্যবহার করেছিলেন। গত সেপ্টেম্বরের শেষ দিকে সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর অ্যান্টি-ডিফামেশন লীগ থেকে এর সমালোচনা করা হয়।

ট্রাম্পের এমন মন্তব্য বর্ণবাদী, ঘৃণ্য; তিনি জেনোফোবিক (বিদেশি আতঙ্ক) এবং নাৎসি কথার প্রতিধ্বনি করছেন বলে তার সমালোচনা করা হয়েছিল।

কিন্তু এমন সমালোচনার মুখেও দমছেন না ট্রাম্প। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের ওয়াটারলু তে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আবারও বলেছেন, “এটি সত্য যে তারা (অভিবাসীরা) আমাদের দেশের (যুক্তরাষ্ট্র) রক্ত বিনষ্ট করছে। আমি যখন একথা বলি তারা সেটা পছন্দ করে না। আমি কখনও মাইন ক্যাম্ফ পড়িনি।”

হিটলার এই ভাষা অনেক ভিন্নভাবে ব্যবহার করেছিলেন বলে ট্রাম্প দাবি করেন।

জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ‘মাইন ক্যাম্ফ’ (আমার সংগ্রাম) নামক আত্মজীবনীমূলক বইটি লিখেছিলেন ১৯২৫ সালে। বইটি লেখার সময় হিটলার জেলে ছিলেন। এ বইয়ে তিনি নাৎসিবাদ সম্পর্কে নিজের ধারণা তুলে ধরেন।

বইটিতে হিটলার লিখেছিলেন, “অতীতের সব মহান সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, রক্ত বিষাক্ত হয়ে প্রকৃত সৃজনশীল জাতির নিঃশেষ হয়ে যাওয়াই ছিল এর একমাত্র কারণ।”

হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটিয়েছিলেন। ১৯৪৫ সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।

হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লাখো মানুষকে প্রাণ হারাতে হয়েছিল। ৬০ লাখ ইহুদিকে পরিকল্পনামাফিক হত্যা করা হয়েছিল। ইহুদি নিধনের এ ঘটনা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত।

হিটলারের নানা উদ্ধৃতির একটি বই ডনাল্ড ট্রাম্প তার বিছানার পাশের কেবিনেটে রেখেছেন- এমন কথা ১৯৯০ সালে ‘ভ্যানিটি ফেয়ার’-এ এক নিবন্ধে ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা তার অ্যাটর্নিকে বলেছিলেন বলে শোনা যায়।

দ্বিতীয়বারের মতো চার বছর মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসন রোধ করা এবং বৈধ অভিবাসনের ওপর কড়াকড়ি আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। 

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেছিলেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার মুখোমুখি হতে পারেন এই দুইজন।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্রের রক্ত বিষাক্ত করছে অবৈধ অভিবাসীরা: ট্রাম্প