২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরমাণু অস্ত্র নিয়ে পুতিনের হুঁশিয়ারি গুরুত্বের সঙ্গে নেয়া উচিত’

ইউক্রেইনের চারটি অঞ্চলে গণভোট চলছে। ভোটের রায় পক্ষে এলে রাশিয়া দেশটির প্রায় ১৫ শতাংশ নিজেদের ভূখণ্ড বলে দাবি করতে পারে।

‘পরমাণু অস্ত্র নিয়ে পুতিনের হুঁশিয়ারি গুরুত্বের সঙ্গে নেয়া উচিত’

ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 07:34 PM

Updated : 24 Sep 2022, 07:39 PM

ইউক্রেইন যুদ্ধে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেটিকে ‘ধাপ্পা’ ‍না ভেবে ইউরোপীয় ইউনিয়নের বরং বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া উচিত বলে মনে করেন ইইউর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে যুদ্ধ ‘বিপজ্জনক মোড়ে’ দাঁড়িয়ে আছে।

ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযানের’ জন্য চাই আরও সেনা। তাই পুতিন দেশের তিন লাখ রিজার্ভ সেনাকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে রুশ সেনা ও মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেইনের লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলে গণভোট শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এ ভোট আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। গণভোটের রায় পক্ষে এলে রাশিয়া ইউক্রেইনের প্রায় ১৫ শতাংশ অংশকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করার সুযোগ পাবে।

যদিও ইউক্রেইনের পাল্টা আক্রমণে একাধিক এলাকায় সম্প্রতি রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে এবং ইউক্রেইনীয় সেনারা রুশ বাহিনীর নিয়ন্ত্রণ থেকে আট হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা উদ্ধার করেছে। ইউক্রেইন সরকার একে তাদের বিজয় হিসেবে দেখছে।

এ বিষয়ে বোরেল বলেন, ‘‘নিশ্চিতভাবেই এটা একটি বিপজ্জনক মুহূর্ত। কারণ, রুশ বাহিনী কোণঠাসা হয়ে পড়েছে এবং এর প্রতিক্রিয়ায় পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন....এটা খুবই খারাপ।”

সাত মাস আগে ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। যে গতিতে তারা আগ্রাসণ শুরু করেছিল সেটা তারা ধরে রাখতে পারেনি। বরং বর্তমানে যুদ্ধে পুতিন বাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে বলেই মত পর্যবেক্ষকদের।

অবশ্যই ‘কূটনৈতিক উপায়েই’ এই যু্দ্ধ অবসানের পথ খুঁজে বের করতে হবে বলে মনে করেন বোরেল।

তিনি বলেন, ‘‘একমাত্র এভাবেই ইউক্রেইনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা সম্ভব হবে।

‘‘নতুবা, আমরা যুদ্ধ ঠিকই শেষ করতে পারবো। কিন্তু আমরা শান্তি ফিরে পাব না বরং সামনে আরেকটি যুদ্ধ আমাদের পেতে হবে।”

ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর পুতিনকে খুব বেশি জনসম্মুখে দেখা যায় ‍না। খুবই হঠাৎ তিনি যু্দ্ধ নিয়ে বক্তব্য দেন। এ সপ্তাহের শুরুর দিকে বিরল এক ভাষণে তিনি বলেছিলেন, তার দেশের হাতে ‘ধ্বংসাত্মক অনেক রকম অস্ত্র আছে‘।

‘‘এবং আমাদের হাতে যতগুলো উপায় আছে তার সবই ব্যবহার হবে। আমি ফাঁকা বুলি আওড়াচ্ছি না।”

এ বিষয়ে বোরেল বলেন, ‘‘যখন কেউ বলেন তিনি ফাঁকা বুলি আওড়াচ্ছেন না তখন আপনাকেও বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে।”

ওই ভাষণেই পুতিন তার দেশের তিন লাখ রিজার্ভ সেনাকে ডেকে পাঠানোর নির্দেশ দেন।

পুতিনের ওই নির্দেশ জারির পর রাশিয়া জুড়ে দেশ ছাড়ার হিড়িক দেখা দিয়েছে। বিশেষ করে তরুণদের যারা যু্দ্ধ করতে সক্ষম।