পেরুতে ‘কোকেন হটস্পটে’ পুলিশের গাড়িতে হামলা, নিহত ৭
ভিআরএইএম নামের ওই এলাকাতেই পেরুর ৭৫ শতাংশ কোকেন উৎপাদিত হয়।
পেরুর কেন্দ্রস্থলে কোকেন উৎপাদনের জন্য পরিচিত এক এলাকায় বন্দুকধারীদের অ্যামবুশে পড়ে ৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
শনিবার দক্ষিণ আমেরিকার দেশটির ন্যাশনাল পুলিশ এ খবর দেয়।
ভ্যালি দে লস রিওস আপুরিমাক, এন ওয়াই মান্তারো (ভিআরএইএম) নামে পরিচিত আন্দিজের দুর্গম বনজঙ্গলময় এলাকার নাতিভিদাদ শহরে পুলিশের ওপর এই হামলা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভিআরএইএম নামের ওই এলাকাতেই পেরুর ৭৫ শতাংশ কোকেন হয়।
“ভিআরএইএম—র নাতিভিদাদ শহরে যাওয়ার সময় অ্যামবুশে পড়ে নিহত পুলিশ ভাইদের জন্য আমরা শোকাহত,” নিজেদের টুইটার অ্যাকাউন্টে লিখেছে পেরুর ন্যাশনাল পুলিশ।
হামলার জন্য এখন পর্যন্ত কাউকে দায়ী করেনি কর্তৃপক্ষ। ভিআরএইএম নামের এলাকাটিতে মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের টিকে থাকা অংশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মাদক পাচারকারীদের শক্তিশালী উপস্থিতি আছে।
প্রায় পুয়ের্তো রিকোর সমপরিমাণ ভূখণ্ডের ভিআরএইএম শাইনিং পাথের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক আক্রমণের কেন্দ্রে অবস্থান করছে।
পুলিশের অভিযোগ, শাইনিং পাথ মাদক পাচারকারীদের ‘দেহরক্ষীর’ ভূমিকা পালন করছে।
মাওবাদী গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা আবিমাল গুজমানকে জেলে পাঠানোর পর ১৯৯০ দশকের শুরুর দিক থেকে শাইনিং পাথের বিনাশ শুরু হয়; গোষ্ঠীটি পরে মাদক চোরাকারবারিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে।
