২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোনেৎস্কে ইউক্রেইনের গোলায় রুশপন্থি ২ শীর্ষ কর্মকর্তা আহত

শিল্পসমৃদ্ধ দনবাস অঞ্চলের দোনেৎস্ক এখন মস্কোপন্থি বাহিনীর দখলে; সাম্প্রতিক সময়ে শহরটি রাশিয়া ও ইউক্রেইন বাহিনীর যুদ্ধের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 04:54 PM

Updated : 22 Dec 2022, 04:54 PM

পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে ইউক্রেইনীয় বাহিনীর ছোড়া গোলায় রাশিয়ার সাবেক এক উপপ্রধানমন্ত্রী ও মস্কোপন্থি এক শীর্ষ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো।

বুধবার এ ঘটনা ঘটেছে বলে তাদের প্রতিবেদনে জানানো হয়েছে।

শিল্পসমৃদ্ধ দনবাস অঞ্চলের দোনেৎস্ক এখন মস্কোপন্থি বাহিনীর দখলে; সাম্প্রতিক সময়ে শহরটি রাশিয়া ও ইউক্রেইন বাহিনীর যুদ্ধের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আহত দুইজনের মধ্যে একজন দিমিত্রি রগোজিন; রাশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রী এখন দুটি অঞ্চলকে সামরিক পরামর্শ দিচ্ছেন, কয়েকমাস আগে হওয়া গণভোটের সূত্র ধরে যে অঞ্চলদুটিকে মস্কো নিজেদের বলে দাবি করে আসছে।

রগোজিন আহত হলেও তার জীবন নিয়ে শঙ্কা নেই বলে তার এক সহযোগীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা তাস।

আহত আরেকজন ভিতালি খোৎসেঙ্কো হলেন স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান।

তার প্রেস সেক্রেটারি রুশ বার্তা সংস্থাগুলোকে ভিতালির আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দোনেৎস্কের উপকণ্ঠের একটি হোটেল অত্যাধুনিক নিখুঁত সমরাস্ত্রের হামলার শিকার হলে এই দুইজন আহত হন বলে তাদের সহযোগীরা রুশ বার্তা সংস্থাগুলোকে বলেছেন।

ওই দুই কর্মকর্তার হোটেলটিতে অবস্থানের খবর পেয়ে ইউক্রেইন ওই হামলা চালিয়েছে বলে ইঙ্গিত সেসময় হোটেলটিতে থাকা রুশ এক সাংসদের।

রগোজিন মূলত রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান ছিলেন, জুলাইতে তাকে সেই পদ থেকে সরিয়ে বর্তমান দায়িত্বে নিয়ে আসা হয়। রাশিয়ার প্রতিরক্ষা খাতে ভূমিকার কারণে মহাকাশ সংস্থা নিষেধাজ্ঞার আওতায় পড়ার পর থেকে রোগোজিনকে বেশ আগ্রাসী ভূমিকাতেই দেখা যাচ্ছে।