২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কে ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন

ডেনমার্কের সংষ্কৃতিমন্ত্রী বলেছেন, ড্যানিশ সংস্কৃতির ৪শ’ বছরের ঐতিহ্য আগুনে পুড়ে গেল।

ডেনমার্কে ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2024, 06:50 PM

Updated : 16 Apr 2024, 07:34 PM

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কেন্দ্রস্থলে একটি পুরোনো স্টক এক্সচেঞ্জ ভবন আগুনে ছেয়ে গেছে।

কোপেনহেগেনের সবচেয়ে পুরোনো এই ভবনটির আইকনিক চূড়া পুড়ে ধসে পড়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলের ভিডিওতে আগুনের হাত থেকে বাঁচতে লোকজনদের ভবনটি থেকে চলে যেতে দেখা গেছে। তারা কিছু ঐতিহাসিক চিত্রকর্ম বাঁচাতে সেগুলো তাদের সঙ্গে করে নিয়ে যায়।

ডেনমার্কের সংষ্কৃতিমন্ত্রী জ্যাকব এঞ্জেল-স্কিমিদ বলেছেন, ড্যানিশ সংস্কৃতির ৪শ’ বছরের ঐতিহ্য আগুনে পুড়ে গেল।

ভবনের চূড়া দেখতে চারটি ড্রাগনের প্যাচানো লেজের মতো ছিল। সেটির মেরামতির কাজ চলার সময় অগ্নিকাণ্ড ঘটে। দমকল বিভাগের প্রধান বলেছেন, ভবনটির পুরোনো তামার ছাদের নিচে উদ্ধারকাজ চালানো কর্মীদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

পুলিশ জানিয়েছে, আগুনের কারণে ভবনটির কাছের অর্থমন্ত্রণালয় থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই ভবনটিতে এখন আর ড্যানিশ স্টক এক্সচেঞ্জ নেই। তবে ড্যানিশ চেম্বার অব কমার্সের সদরদপ্তর হিসাবে ভবনটি ব্যবহার হয়ে আসছে। আগুন কি থেকে লাগল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চেম্বার অব কমার্স বলেছে, “আমরা এক ভয়ানক দৃশ্যের সাক্ষী হয়েছি। শেয়ার বাজার আগুনে জ্বলছে।” ডেনমার্কের প্রধানমন্ত্রীও বলেছেন, “ভয়াবহ দৃশ্য। ড্যানিশ ইতিহাসের একটি খণ্ড আগুনে জ্বলে যাচ্ছে।”

কোপেনহেগেনের পুলিশ জনসাধারনকে নগরীর ভেতরে গাড়ি চালানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।