২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন, ব্রিটিশ নাগরিকদের ইয়েমেন ত্যাগের নির্দেশ হুতিদের

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে কয়েক ডজন হামলা চালানোর পর দেশ দু’টির নাগরিকদের বহিষ্কারের এ সিদ্ধান্ত জানালো হুতিরা।

মার্কিন, ব্রিটিশ নাগরিকদের ইয়েমেন ত্যাগের নির্দেশ হুতিদের

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 02:24 PM

Updated : 25 Jan 2024, 03:13 PM

ইয়েমেনের হুতি কর্তৃপক্ষ দেশটিতে থাকা জাতিসংঘের ও সানাভিত্তিক মানবিক সংস্থাগুলোর মার্কিন ও ব্রিটিশ কর্মীদের এক মাসের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

একটি নথি ও এক হুতি কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে কয়েক ডজন হামলা চালানোর পর দেশ দু’টির নাগরিকদের বহিষ্কারের এ সিদ্ধান্ত জানালো হুতিরা।

ইরান সমর্থিত এ গোষ্ঠীটি লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি ছিটমহল গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে বলে দাবি করেছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গিকার করেছে।

হুতিদের এসব হামলা থেকে বিরত রাখতে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। যুক্তরাষ্ট্র সরকার গত সপ্তাহে হুতিদের ফের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

ইয়েমেনে জাতিসংঘের ভারপ্রাপ্ত মানবিক সমন্বয়ক পিটার হকিন্সের কাছে বুধবার পাঠানো এক পত্রে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “কর্মকর্তা ও কর্মীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক, আপনি অবশ্যই তাদের ৩০ দিনের মধ্যে এই দেশ ছাড়তে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে দেবেন।”

মন্ত্রণালয়টি এই চিঠিতে বিদেশি সংস্থাগুলোকে ইয়েমেনে তাদের কাজে মার্কিন ও ব্রিটিশ কর্মীদের না নেওয়ার জন্যও নির্দেশ দিয়েছে। 

হুতিদের পক্ষের শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ আব্দুলসালাম রয়টার্সের কাছে ওই চিঠির সত্যাসত্য নিশ্চিত করেছেন।

জাতিসংঘের কর্মকর্তা পিটার হকিন্স নিজেও একজন ব্রিটিশ নাগরিক। হুতি কর্তৃপক্ষের ওই নির্দেশনার বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তার দপ্তর কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।  

সৌদি আরবের জেদ্দা থেকে পরিচালিত যুক্তরাষ্ট্রের ইয়েমেন সম্পর্কিত ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, ওই চিঠি নিয়ে প্রকাশিত খবরগুলোর বিষয়ে তারা অবগত আছে।

তারা বলেছে, “জাতিসংঘ বা ইয়েমেনে থাকা মানবিক সংস্থাগুলোর হয়ে তারা কথা বলতে পারবে না। তারা হুতি ‘কর্তৃপক্ষের’ কাছ থেকে এ ধরনের চিঠি পেয়ে থাকতে পারে।”

ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কর্মীদের এখনও ইয়েমেন ছাড়তে বলা হয়নি এবং তারা এই বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে নিবিড় সংযোগ রক্ষা করে চলছে।

প্রায় এক দশক ধরে মার্কিন সমর্থিত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার পর হুতিরা এখন ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। মূলত তারাই ইয়েমেনের ক্ষমতায় আছে। দুই পক্ষের যুদ্ধ এখন ‘না যুদ্ধ, না শান্তি’ পর্যায়ে স্থবির হয়েছে আছে আর যুদ্ধ প্রায় বন্ধ হয়ে গেছে।

কিন্তু উভয়পক্ষই জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির আনুষ্ঠানিক নাবায়নে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

খান ইউনিসে জাতিসংঘের আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৯
‘জঙ্গি আস্তানায়’ যুক্তরাষ্ট্রের হামলাকে আগ্রাসন হিসেবেই দেখছে ইরাক সরকার