বিরোধ ভুলে ভূমিকম্প বিধ্বস্ত চীনকে সাহায্যের প্রস্তাব তাইওয়ানের
চীন ও তাইওয়ানের মধ্যে গত চার বছরে সম্পর্কে উত্তেজনা বেড়েছে। সেই বিরোধ একপাশে সরিয়ে রেখে চীনকে সাহায্য করতে তাইপে প্রস্তুত বলে জানালেন প্রেসিডেন্ট সাই।
চীনে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। চীনকে এই দুর্যোগে সাহায্য করারও প্রস্তাব দিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতে (জিএমটি ১৬:০০) গানসু প্রদেশ ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রতিবেশী কুইনঘাই প্রদেশ থেকেও কম্পন অনুভূত হয়েছে। এতে অন্তত ১২৬ জন নিহত এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
চীন এবং তাইওয়ানের মধ্যে গত চার বছরে সম্পর্কে উত্তেজনা বেড়েছে। তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। ওদিকে,চীন তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে। চীন রাজনৈতিক এবং সামরিক চাপ সৃষ্টি করে তাইওয়ানের ওপর নিজেদের সার্বভৌমত্বের এই দাবি জাহির করে আসছে।
এ নিয়ে বিরোধের মধ্যেও তাইওয়ান তা একপাশে সরিয়ে রেখে ভূমিকম্প বিধ্বস্ত চীনকে সাহায্য করার প্রস্তাব দিল। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, তাইপে চীনকে সহায়তা করতে আগ্রহী। ভূমিকম্পে নিহত মানুষদের স্বজনদের জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, “আশা করি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবাই তাদের প্রয়োজনীয় সহায়তা পাবেন। আমরা দ্রুত উদ্ধারকাজের আশা করি। তাইওয়ান দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে।”
তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ১৬০ জনের একটি অনুসন্ধান ও উদ্ধার দল, চারটি কুকুর এবং ১৩ টন রসদ প্রস্তুত আছে। চীন অনুরোধ জানালেই তারা সেখানে যাবে। তবে তাইওয়ান বা অন্য কোনও দেশের কাছ থেকে কোনও সহায়তা চীন নেবে কিনা তা এখন জানায়নি।
এর আগেও চীনে কোনও প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সমবেদনা জানিয়েছে তাইওয়ান। গত বছর চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পের পর হতাহতদের ঘটনায় সমবেদনা জানিয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট।
