২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার দেরনায় সড়ক দুর্ঘটনায় গ্রিক উদ্ধারকারীসহ নিহত ৬

এক সপ্তাহ আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে তুমুল বৃষ্টিতে দেরনার কাছে দুটি বাঁধ ভেঙে যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 06:25 PM

Updated : 26 Jan 2024, 06:25 PM

লিবিয়ায় বাঁধভাঙা বন্যায় বিপর্যস্ত শহর দেরনায় সড়ক দুর্ঘটনায় গ্রিসের উদ্ধারকারী দলের তিন সদস্য এবং লিবিয়ার একটি পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আব্দুল জলিল এক সংবাদ সম্মেলনে জানান, গ্রিসের উদ্ধারকারী দলটি রোববার বাসে করে বেনগাজি শহর থেকে দেরনার দুর্গত এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

তাদের বহনকারী বাসটির সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। সেই গাড়িতে লিবিয়ার পরিবারটি ছিল। এ ঘটনায় প্রাইভেট কারের আরও দুই আরোহী এবং বাসের আরও আট আরোহী গুরুতর আহত হন বলে লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। 

গ্রিসের সশস্ত্র বাহিনী বলছে, সেখানে আসলে কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তিনজন নিহত হওয়ার পাশাপাশি তাদের উদ্ধারকারী দলের আরও দুজন নিখোঁজে আছেন। নিখোঁজ সদস্যদের খোঁজে অভিযান শুরু হয়েছে।

এক সপ্তাহ আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে তুমুল বৃষ্টিতে দেরনার কাছে দুটি বাঁধ ভেঙে যায়। তাতে সুনামির মত পানির ঢলে ভেসে যায় শহরের এক চতুর্থাংশ।

জাতিসংঘ জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা ১১,৩০০ জনে দাঁড়িয়েছে। সরকারি হিসাবে আরও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

লিবিয়া দুটি প্রতিদ্বন্দ্বী সরকারের মধ্যে বিভক্ত হয়ে আছে। রাজধানী ত্রিপোলিকে কেন্দ্র করে দেশের পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে জাতিসংঘ সমর্থিত প্রশাসন। আর মিশর সমর্থিত তাদের প্রতিদ্বন্দ্বী বেনগাজিভিত্তিক প্রশাসন দেশটির পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে। দেরনা পূর্বাঞ্চলীয় প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।

সংবাদসূত্র: বিবিসি 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)