২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনল্যান্ডে রাজি, সুইডেনকে নেটোতে নিতে নারাজ এরদোয়ান

কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা এবং তুরস্ক সরকারের সমালোচক বেশ কয়েকজনকে সুইডেন হস্তান্তর করতে রাজি হয়নি। এর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট।

ফিনল্যান্ডে রাজি, সুইডেনকে নেটোতে নিতে নারাজ এরদোয়ান

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2023, 06:57 PM

Updated : 30 Jan 2023, 06:57 PM

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, সুইডেন নয় বরং ফিনল্যান্ডকে নেটো জোটে নিতে রাজি থাকতে পারে তার দেশ।

কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা এবং তুরস্ক সরকারের সমালোচক অন্য কয়েক ডজন মানুষকে সুইডেন হস্তান্তর করতে রাজি হয়নি।

সুইডেনের এই অবস্থানের সমালোচনা করে এরদোয়ান বলেছেন, “আপনারা সত্যিই পুরোপুরি নেটো- তে যোগ দিতে চাইলে এই সন্ত্রাসীদেরকে আমাদের কছে হস্তান্তর করুন।”

দুই নর্ডিক দেশকে নেটো সদস্য হিসাবে মেনে নেওয়া নিয়ে তুরস্ক আলোচনা বন্ধ করার কয়েকদিন পর এরদোয়ান এমন মন্তব্য করলেন।

সুইডেনের স্টকহোমে সাম্প্রতিক সময়ে কয়েকদফা বিতর্কিত বিক্ষোভের পর তুরস্ক এমন প্রতিক্রিয়া দেখিয়েছে।

গত সপ্তাহে স্টকহোমে তুর্কি বিরোধী বিক্ষোভ চলাকলে তুর্কি দূতাবাসের কাছে অভিবাসন-বিরোধী এক কট্টর ডান রাজনীতিবিদ কোরআন পোড়ান। এ ঘটনার পর তুরস্ক এবং সুইডেনের মধ্যে উত্তেজনা বেড়েছে।

বিবিসি জানায়, সুইডিশ কর্মকর্তারা বিক্ষোভের নিন্দা জানিয়েছেন। তবে দেশের বাক স্বাধীনতা আইনের পক্ষ সমর্থন করেছেন।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সুইডেন এবং ফিনল্যান্ড গত বছর কয়েক দশকের জোট-নিরপেক্ষ অবস্থানের অবসান ঘটিয়ে পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগ দেওয়ার আবেদন করে।

তবে নেটো সদস্য হতে গেলে দেশ দুটির এই আবেদনে জোটের সব সদস্যের অনুমোদন লাগবে। কিন্তু তুরস্ক এবং হাঙ্গেরি আবেদন অনুমোদন করছে না।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এক ভাষণে বলেছেন, “তুরস্ক এখন ফিনল্যান্ডের বিষয়ে একটি ভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারে। সুইডেন এতে ধাক্কা খাবে।

“আমরা সুইডেনকে ১২০ জনের একটি তালিকা দিয়েছিলাম এবং এই সন্ত্রাসীদেরকে তাদের দেশ থেকে বের করে দিতে বলেছিলাম। আপনারা যদি তাদেরকে হস্তান্তর না করেন, তাহলে দুঃখ করুন,” বলেন তিনি।

ফিনল্যান্ডের চেয়ে সুইডেনে বেশি বড় কুর্দি সম্প্রদায় আছে। এই কুর্দিদের নিয়েই নেটো সদস্যপদ নিয়ে তুরস্কের আলোচনা ভেস্তে গেছে।

সুইডেনকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) থেকে দূরত্ব রাখতে বলেছে তুরস্ক। এই গোষ্ঠীটিকে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইইউ সন্ত্রাসী গোষ্ঠী হিসাবেই দেখে।

তুরস্কের দাবির মুখে সুইডেন একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছে, যার বদৌলতে তুরস্কের চাহিদা অনুযায়ী কঠোর সন্ত্রাস-বিরোধী আইন হয়েছে।