রাশিয়ার কুর্স্কে বিমানঘাঁটির তেল ট্যাংকে ড্রোন হামলা
কুর্স্ক অঞ্চলের গভর্নর জানান, ড্রোন হামলায় ঘাঁটিটির একটি তেল সংরক্ষণাগারে আগুন ধরে গেছে।
রাশিয়ার দু’টি সামরিক বিমানঘাঁটিতে কথিত ড্রোন হামলার পরদিন কুর্স্ক অঞ্চলের আরেকটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার কুর্স্ক অঞ্চলের গভর্নর জানান, ড্রোন হামলায় ঘাঁটিটির একটি তেল সংরক্ষণাগারে আগুন ধরে গেছে।
ইউক্রেইনের সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলের গভর্নর লোমান স্তরাভয়েত এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, হামলায় কেউ হতাহত হয়নি এবং আগুন ‘নিয়ন্ত্রণে’ আনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এসব প্রতিবেদন স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সোমবার রাশিয়ার দক্ষিণ-মধ্যাঞ্চলীয় রিয়াজান ও সারাতভ শহরের দু’টি বিমানঘাঁটিতে ইউক্রেইনীয় ড্রোন হামলা চালিয়ে তিন সেনাকে হত্যা করেছে ও আরও চারজনকে আহত করেছে, দুটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেইন এসব হামলার কোনোটিরই দায় সরাসরি স্বীকার করেনি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, যদি এসব হামলা ইউক্রেইনই চালিয়ে থাকে তাহলে ২৪ ফেব্রুয়ারি মস্কো প্রতিবেশী দেশটিতে হামলা শুরু করার পর সোমবারের হামলাটিই হবে রাশিয়ার সবচেয়ে ভেতরে গিয়ে চালানো তাদের পাল্টা হামলা।
নিউ ইয়র্ক টাইমসের দেওয়া উদ্ধৃতিতে ইউক্রেইনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সোমবারের হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইউক্রেইনীয় ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং অন্তত একটি হামলা ঘাঁটির কাছে থাকা স্পেশাল বাহিনীগুলোর সহায়তায় চালানো হয়েছে।
ইসরায়েলি স্যাটেলাইট ইমেজিং কোম্পানি ইমেজস্যাট ইন্টারন্যাশনাল কিছু ছবি শেয়ার করেছে, সেগুলোতে রিয়াজানের দিয়াগিলোভা বিমানঘাঁটিতে পোড়া দাগ ও একটি টিইউ-২২এম যুদ্ধবিমানের কাছে কিছু বস্তু পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দীর্ঘ পাল্লার যুদ্ধবিমানগুলোকে অকেজো করার জন্য সোমবারের ‘সন্ত্রাসী হামলাটি’ চালানো হয়েছে, নিচু দিয়ে উঁড়ে আসা ড্রোনগুলোকে গুলি করে নামানো হয়েছে। মস্কো থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণপূর্বে রিয়াজান ঘাঁটিতে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
সারাতভ ইউক্রেইনের নিকটবর্তী সীমান্ত থেকে অন্তত ৬০০ কিলোমিটার দূরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার ভাষ্যকাররা বলেছেন, ইউক্রেইন যদি রাশিয়ার এতোটা ভেতরে এসে হামলা চালাতে পারে তবে তারা সম্ভবত রাজধানী মস্কোতেও হামলা চালানোর সক্ষমতা রাখে।
রাশিয়ার এ দুই সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণের কয়েকঘন্টা পর ওই দিনই ইউক্রেইনজুড়ে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিক্রিয়া জানায় রাশিয়া।
সোমবারের এসব হামলার পর মঙ্গলবার কুর্স্ক থেকে ড্রোন হামলার যে খবর এসেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিইভ বা মস্কোর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
