ত্রিপুরায় রথের চূড়া বিদ্যুতের তারে, শিশুসহ নিহত ৬
উল্টোরথ উপলক্ষ্যে বুধবার প্রচুর মানুষ ত্রিপুরার কুমারঘাটে জড়ো হয়েছিল।
ভারতের ত্রিপুরা রাজ্যে রথ টানার সময় সেটির চূড়া রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার স্পর্শ করলে রথে আগুন ধরে যায়।
ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে বুধবার বিকাল নাগাদ ঘটা এই দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছয় জন নিহত এবং আরো অন্তত ১৫ জন দগ্ধ হয়েছেন বলে জানায় ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি।
উল্টোরথ উপলক্ষ্যে এদিন প্রচুর মানুষ কুমারঘাটে জড়ো হয়েছিল। হাজারেরও বেশি মানুষ লোহা দিয়ে তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন।
যে রাস্তা দিয়ে রথ চলছিল সেটির উপরেই ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক তার ঝুলে আছে। হঠাৎ করেই রথের চূড়া ওই তার স্পর্শ করাতে এই বিপত্তি ঘটে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।
ত্রিপুরার এআইজি জ্যোতিষ্মান দাস চৌধুরী সংবাদ সংস্থা পিটিআই কে বলেন, ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। দগ্ধ ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
