১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাফাহের ত্রাণকেন্দ্রে ইসরায়েলের হামলায় জাতিসংঘের ১ কর্মী নিহত

একটি খাবার বিতরণ কেন্দ্রে বিমান হামলায় আরও ২২ জন আহত হয়েছে।

রাফাহের ত্রাণকেন্দ্রে ইসরায়েলের হামলায় জাতিসংঘের ১ কর্মী নিহত

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 12:52 AM

Updated : 14 Mar 2024, 01:51 AM

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ) বলেছে, গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ নগরীর একটি খাবার বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় সংস্থাটির একজন কর্মী নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে।

ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইনকে প্রকাশ্যেই উপেক্ষা করে জাতিসংঘ এই সংস্থার ত্রাণকেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের বিমান হামলায় ৫ জন নিহত হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনও মন্তব্য করেনি।

রাফাহ নগরীতে আশ্রয় নিয়ে আছে আনুমানিক ১৪ লাখ ফিলিস্তিনি। গাজার অন্যান্য অংশে ইসরায়েলের স্থল হামলার মুখে তারা পালিয়ে এসে রাফাহে আশ্রয় নিয়েছে।

বিবিসি জানায়, বুধবার খাবার বিতরণ কেন্দ্রটির পূর্বপাশে ইসরায়েলের হামলায় বিস্ফোরণ ঘটে। এই এলাকাটি রাফাহ নগরীর পূর্বের অংশ। নিহতদের মধ্যে আছে ১৫ বছরের এক বালক এবং ২৭ থেকে ৫০ বছর বয়সী চার পুরুষ।

রাফাহের এক বাসিন্দা বলেছেন, “কেন্দ্রটি জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ- এর। এ কেন্দ্র নিরাপদ থাকবে বলেই আশা করা হয়েছিল। কিছু মানুষ এখানে রমজানের এই পবিত্র মাসে খাদ্য সাহায্যের অপেক্ষায় থাকা মানুষদের জন্য ত্রাণ বিতরণ করতে এসেছিলেন। হঠাৎ করেই তাদের ওপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়।”

ইউএনআরডব্লিউএ- এর মুখপাত্র জুলিয়েট তৌমা বিবিসি-কে বলেছেন, হামলার সময় খাবার বিতরণের ওই কেন্দ্রটিতে ৬০ জন মতো মানুষ কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটির প্রধান ল্যাজারিনি বলেছেন, গাজায় পাঁচ মাসের যুদ্ধের এই সময়ে ইউএনডব্লিউআরএ- এর হাতে গোনা যে কয়টি ত্রাণ কেন্দ্র এখনও কাজ করছে সেগুলোরই একটি কেন্দ্র ছিল এটি।

গাজায় খাবার সরবরাহ ফুরিয়ে আসা,মানুষ অনাহারে থাকা এবং কিছু এলাকা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার এই সময়ে জাতিসংঘ সংস্থাটি এমন হামলার শিকার হল বলে তিনি সতর্ক করেন।