ভারতের মিজোরামে নির্মাণাধীন রেলসেতু ধসে নিহত ২২
কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে আরও অনেক শ্রমিক ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়েছেন, তাদের উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।
ভারতের মিজোরাম রাজ্যে নির্মাণাধীন একটি রেলসেতু ধসে অন্তত ২২ জন শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার রাজ্যটির রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে আরও অনেক শ্রমিক ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়েছেন, তাদের উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।
এক কর্মকর্তা বলেছেন, “সেতুটি ধসে পড়ার সময় সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন।”
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ তিনি বলেন, “আজ (বুধবার) আইজলের কাছে সাইরাং এ নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে পড়েছে। অন্তত ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। এই শোচনীয় ঘটনায় গভীরভাবে মর্মাহতবোধ করছি।
“নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। উদ্ধার অভিযানে এগিয়ে আসা বিপুল সংখ্যক মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
