২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে স্কুল শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত ২

আহতদের কয়েকজনের আঘাত গুরুতর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 05:19 PM

Updated : 19 Jan 2024, 05:19 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে হাইস্কুল শিক্ষার্থীদের বাদকদলকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে গিরিসঙ্কটে পড়ে দুইজন নিহত ও বহু আহত হয়েছেন। আহতদের কয়েকজনের আঘাত গুরুতর।  

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পুলিশের লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড মাজ্জোনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, লং আইল্যান্ডের ফার্মিংটন হাইস্কুলের বাসটি বৃহস্পতিবার দুপুরে ৪৪ জন যাত্রী নিয়ে পেনসিলভানিয়ায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। তাতে দুজন প্রাপ্তবয়স্ক নারীর মৃত্যু হয়। বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকল বলেছেন, গাড়ির সামনের চাকায় সমস্যা দেখা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। 

দুর্ঘটনার পর সামান্য আঘাত পাওয়া বহু শিক্ষার্থীকে ঘটনাস্থলের আশপাশে হাঁটতে দেখা যায়। তাদের অনেকের দেহের বিভিন্ন অংশে ছোটখাটো জখমের চিহ্ন ছিল। আহতদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর বলে গভর্নর জানিয়েছেন।

নিহতদের মধ্যে একজনকে বিয়েত্রিচ ফেরারি (৭৭) বলে শনাক্ত করা হয়েছে। অন্যজন জিনা প্যালিটিয়ারে (৪৩), তিনি স্কুলটির ব্যান্ড দলের তিন উপদেষ্টার একজন ছিলেন। তারা দুজনেই লং আইল্যান্ডের ম্যাসাপিকুয়া শহরের বাসিন্দা ছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্ক শহর থেকে ১২০ কিলোমিটার উত্তরপশ্চিমে নিউ জার্সি অঙ্গরাজ্যের সীমান্তের কাছে দুর্ঘটনাটি ঘটে।

সংবাদ সূত্র: রয়টার্স 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)