যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা
পাশাপাশি তাদের প্রত্যেককে কংগ্রেসনাল সাইটেশনও দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির ৭ জন অভিবাসী সম্মাননা পেয়েছেন, পাশাপাশি তাদের প্রত্যেককে কংগ্রেসনাল সাইটেশনও দেওয়া হয়।
বুধবার নিউ ইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল’।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—আবাসন ব্যবসায়ী রব চৌধুরী, নিউ ইয়র্ক পুলিশের ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, চিকিৎসক ইনামুল হক, ব্যবসায়ী শিব দাস, নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক ক্যারেন গোপি, কুইন্স কাউন্টি সারোগেট কোর্টের বিচারক ক্যাসেন্দ্রা এ. জনসন এবং নিউ ইয়র্ক পুলিশের ইন্সপেক্টর আদিল রানা।
আয়োজক সংগঠনটির নির্বাহী পরিচালক ও ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।
গ্রেস মেং সম্মাননাপ্রাপ্ত প্রত্যেকের হাতে কংগ্রেসনাল সাইটেশন তুলে দেন। তিনি অভিবাসীদের বর্তমান সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরুণ ডেমোক্র্যাট জাকির চৌধুরী ও তরিকুল ইসলাম মিঠু। বক্তারা আসন্ন নির্বাচনে অভিবাসীসহ সব প্রবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
১৯৮৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণ এবং দেশটির উন্নয়নে তাদের অবদানকে স্বীকৃতি দিতে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদযাপিত হয়ে আসছে।
