২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত কিউই পাইলট ভালো আছেন, জানাল পাপুয়ার বিদ্রোহীরা

ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি) যেসব ছবি ও ভিডিও প্রকাশ করেছে তাতে জিন্সের জ্যাকেট পরা ফিলিপ মার্থেনসের আশপাশে ডজনের বেশি যোদ্ধা দেখা যাচ্ছে।

অপহৃত কিউই পাইলট ভালো আছেন, জানাল পাপুয়ার বিদ্রোহীরা

অপহৃত পাইলট ফিলিপ মার্থেনসের পাশে পাপুয়ার সশস্ত্র যোদ্ধারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 05:55 PM

Updated : 15 Feb 2023, 05:55 PM

ইন্দোনেশিয়ার দুর্গম পাপুয়া অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা তাদের হাতে অপহৃত বিমানচালকের বেশকিছু ছবি প্রকাশ করে বলেছে, কিউই পাইলট শারীরিকভাবে সুস্থ আছেন।

তবে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ যতক্ষণ পাপুয়ার স্বাধীনতার স্বীকৃতি না দিচ্ছে, ততক্ষণ তাকে (পাইলট) ছাড়া হচ্ছে না, বলেছে তারা।

গত সপ্তাহে সুসি এয়ারের একটি বিমান দুর্গম এনদুগা অঞ্চলে অবতরনের পরপরই ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) যোদ্ধারা পাইলট ফিলিপ মার্থেনসকে জিম্মি করেছিল।

প্রকাশিত ছবিগুলোর সত্যতা যাচাই করে দেখতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

কিন্তু মার্থেনসের এক বন্ধু ছবিগুলোতে কিউই পাইলটকে শনাক্ত করেছেন। সংবেদনশীল বিষয় হওয়ায় ওই বন্ধু তার নাম প্রকাশে রাজি হননি।

টিপিএনপিবির এক মুখপাত্র সেবি সামবম ওই ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যাতে জিন্সের জ্যাকেট পরা এক লোকের আশপাশে ডজনের বেশি যোদ্ধা দেখা যাচ্ছে। ওই যোদ্ধাদের কারও কারও হাতে বন্দুক, কারও হাতে ধনুক আছে।

এই লোকই মার্থেনস বলে নিশ্চিত করেছেন তার বন্ধু।

“পাপুয়ার স্বাধীনতার জন্য লড়াইয়ে পাপুয়ার সামরিক বাহিনী আমাকে বন্দি করেছে, তারা ইন্দোনেশীয় সেনাবাহিনীকে ইন্দোনেশিয়ায় তাদের বাড়ি ফিরে যেতে বলেছে। তা নাহলে তারা আমাকে আজীবন বন্দি করে রাখবে,” ভিডিওতে এক পর্যায়ে মার্থেনসকে এমনটাই বলতে শোনা গেছে।

যোদ্ধাদের একজনকে ‘মর্নিং স্টার’ পতাকা ধরে রাখতে দেখা গেছে। এই পতাকাটি পাপুয়ার স্বাধীনতার প্রতীক।

ছবিগুলোর সঙ্গে দেওয়া বিবৃতিতে সামবম বলেছেন, পাইলট শারীরিকভাবে ভালো আছেন, রাজনৈতিক বিরোধের বলি হয়ে জিম্মি হয়েছেন তিনি।

ইন্দোনেশিয়ার মুখ্য নিরাপত্তামন্ত্রী মাহফুদ এমডি সোমবার দেওয়া এক ভিডিওতে মার্থেনসের মুক্তি নিশ্চিতের আশ্বাস দিয়ে বলেছেন, “এক্ষেত্রে বুঝিয়ে শুনিয়ে তাকে মুক্ত করার পন্থা অবলম্বন করা হবে, কেননা অগ্রাধিকার হচ্ছে তার (পাইলট) নিরাপত্তা।”

পাইলটকে মুক্ত করতে ‘অন্য পন্থা’ ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে না দিলেও এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

“যে কোনো কারণেই হোক না কেন, বেসামরিকদের জিম্মি করা অগ্রহণযোগ্য,” বলেছেন মাহফুদ।

পুরনো খবর:

ইন্দোনেশিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মি নিউ জিল্যান্ডের বিমানচালক

নিউ জিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক এক মুখপাত্র বলেছেন, তারা প্রকাশিত ছবি ও ভিডিও সম্বন্ধে অবগত। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।

পাপুয়া অঞ্চলটি একসময় ডাচদের উপনিবেশ ছিল; এটি দুটি প্রদেশে বিভক্ত পাপুয়া ও ওয়েস্ট পাপুয়া।

জাতিসংঘের তত্ত্বাবধানে হওয়া বিতর্কিত এক ভোটের মাধ্যমে ১৯৬৯ সালে অঞ্চলটি ইন্দোনেশিয়ায় যুক্ত হয়; এরপর থেকেই ইন্দোনেশীয় সামরিক বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলে আসছে।

২০১৮ সাল থেকে পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘাত তীব্র ও আগের তুলনায় বেশি প্রাণঘাতী হয়ে ওঠে।   

পাপুয়া আর পাপুয়া নিউ গিনি আলাদা। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়া পাপুয়া নিউ গিনিকে স্বাধীনতা দেয়।