২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনে ‘নিষিদ্ধ’ গুচ্ছ বোমা পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

একশটিরও বেশি দেশ বিপজ্জনক এ যুদ্ধাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে।

ইউক্রেইনে ‘নিষিদ্ধ’ গুচ্ছ বোমা পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 11:10 PM

Updated : 08 Jul 2023, 02:10 PM

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলায় ইউক্রেইনকে সাহায্য করতে সেখানে গুচ্ছ বোমা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়েছে।

বিশ্বের ১০০’রও বেশি দেশ বিপজ্জনক এ যুদ্ধাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে। তারপরও যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে এ অস্ত্র দিতে চাইছে।

অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি থাকায় ইউক্রেইন কয়েকমাস ধরেই সাহায্য চেয়ে আসছে।

বিবিসি’র মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন শুক্রবার ইউক্রেইনের জন্য নতুন অস্ত্র সহায়তা ঘোষণা করবে। এর মধ্যে গুচ্ছ বোমা দেওয়ার ঘোষণাও আসবে।

গুচ্ছ বোমা হামলা ব্যাপক এলাকাজুড়ে নির্বিচারে মানুষের মৃত্যু ডেকে আনতে পারে। সেকারণে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ যুদ্ধাস্ত্র এতদিন ইউক্রেইনকে দিতে দ্বিধায় ছিলেন।

যুক্তরাষ্ট্রের এই গুচ্ছ বোমার ভান্ডার আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম এ অস্ত্রের মজুত গড়ে তোলা হয়। এটি এমন এক ধরনের বোমা, যা ছোড়ার পর মাঝ আকাশ থেকে শত শত ছোট ছোট বোমা বেরিয়ে মাটিতে পড়তে থাকে।

গুচ্ছ বোমা বিতর্কিত। কারণ, এগুলো মাটিতে পড়ে প্রায় সময়ই ফাটে না। কিন্তু না ফাটলেও বহুদিন পর্যন্ত সক্রিয় থাকে এবং পরবর্তীতে ফাটার ঝুঁকি থেকে যায়।

গুচ্ছ বোমা হামলা নিয়ে এমন উদ্বেগ থাকার কারণে যুক্তরাষ্ট্রের আইনে যেসব গুচ্ছ বোমা অবিস্ফোরিত থেকে যাওয়ার হার ১ শতাংশের বেশি (অর্থাৎ, যে গুচ্ছ বোমার ১ শতাংশের বেশি ছোট বোমা ফাটে না) সেগুলো অন্য দেশে পাঠানোয় নিষেধাজ্ঞা আছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিধি পাশ কাটিয়ে যেতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, যেসব গুচ্ছ বোমার অবিস্ফোরিত থেকে যাওয়ার হার ২ দশমিক ৫ শতাংশর কম, সেগুলো পাঠানোর চিন্তা-ভাবনা করছে বাইডেন প্রশাসন।

ওদিকে, মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেণ্টাগন বলছে, রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেইনে গুচ্ছ বোমা ব্যবহার করছে, যে বোমা না ফাটার হার আরও বেশি।

জাতিসংঘের একটি তদন্তে বলা হচ্ছে, ইউক্রেইনও সম্ভবত গুচ্ছ বোমা এরই মধ্যে ব্যবহার করেছে। যদিও ইউক্রেইন এ বোমা ব্যবহারের কথা অস্বীকার করেছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো রাশিয়া এবং ইউক্রেইন দু’দেশকেই গুচ্ছ বোমা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে এ বোমা সরবরাহ না করারও অনুরোধ জানিয়েছে তারা।

শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের হাই কমিশনারের কার্যালয় থেকে বলা হয়েছে, মানবাধিকার কর্মীরা আরেকবার গুচ্ছ বোমা ব্যবহার না করতে দেশগুলোকে আহ্বান জানাচ্ছে। এগুলো বিপজ্জনক।