২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকবেন না পুতিন

‘পুতিন শেফ’ নামে পরিচিত ইয়েভগেনি প্রিগোজিন এক সময় রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনদের একজন ছিলেন।

প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকবেন না পুতিন

ছবি: রয়টার্স।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 06:47 PM

Updated : 29 Aug 2023, 06:47 PM

বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার কোনো পরিকল্পনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই বলে জানিয়েছে ক্রেমলিন।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের পরিকল্পনার বিষয়ে ক্রেমলিন কিছু জানে না। “এটা তাদের পরিবারিক বিষয়।”

এক সময় ‘পুতিন শেফ’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া প্রিগোজিন ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হন।

কয়েদি থেকে ক্যাটারিং ব্যবসায় নেমে কোটিপতি বনে যাওয়া প্রিগ্রোজিন ইউক্রেইন যুদ্ধে তার ভয়ঙ্কর বাহিনী নিয়ে পুতিনের পক্ষে ঝাঁপিয়ে পড়েন।

প্রিগ্রোজিনের বাহিনীর বেশিরভাগই জেলখাটা দাগী আসামি। ইউক্রেইন যুদ্ধে তারা যে নিষ্ঠুরতা দেখিয়েছে তা রীতিমত হাড়হিম করা। যেখানে রুশ সেনাবাহিনী লড়াইয়ে এগিয়ে যেতে ব্যর্থ হয়েছে সেখানে প্রচণ্ড নির্মমতা নিয়ে সবকিছু ধ্বংস করে যুদ্ধক্ষেত্রে এগিয়ে গেছে প্রিগ্রোজিনের বাহিনী। এভাবে এক সময় দলটি ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে মারাত্মক অস্ত্রে পরিণত হয়।

কিন্তু গোল বাঁধে দুই মাস আগে। যখন হঠাৎ করেই রাশিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মস্কো দখল করতে রওয়ানা হয় কয়েক হাজার ওয়াগনার যোদ্ধা। ২৪ ঘণ্টার মধ্যে তারা ইউক্রেইন থেকে রাশিয়ার সীমান্তবর্তী শহর রোস্তভের দখল নিয়ে মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়।

তবে শেষ পর্যন্ত তাদের থামাতে সফল হন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্ক। তার মধ্যস্থতায় মস্কো না গিয়ে নিজ ঘাঁটিতে ফিরে যায় ওয়াগনার বাহিনী।

যে বিদ্রোহকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে বর্ণনা করেছিলেন পুতিন। যদিও তিনি সে সময় প্রিগোজিনের বিদ্রোহী বাহিনীকে ক্ষমা করে দিয়ে দেশত্যাগে নির্দেশ দিয়েছিলেন। সে নির্দেশ মাথায় নিয়ে ওয়াগনার বাহিনী বেলারুশে চলেও যায়। তবে প্রিগ্রোজিনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

গত সপ্তাহে রুশ সংবাদ মাধ্যমে প্রথম খবর আসে যে, সেখানে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়েছে। যেটির যাত্রীদের তালিকায় প্রিগোজিন এবং তার প্রধান সহচরের নাম রয়েছে।

বিমানে সাতজন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন; যাদের সবাই মারা গেছেন। কিন্তু প্রাথমিকভাবে ঘটনাস্থলে আটটি লাশ পাওয়া যাওয়ায় প্রিগ্রোজিন ও তার সহচরের সেখানে থাকা নিয়ে ধোঁয়াশার তৈরি হয়।

শেষ পর্যন্ত রাশিয়া সেখান থেকে ১০টি মৃতদেহ উদ্ধারের কথা জানায়। বিমান বিধ্বস্ত হওয়ার পর ওয়াগনারের পক্ষ থেকে রাশিয়ার সেনাবাহিনী বিমানটি গুলি করে ভূপাতিত করেছে বলে অভিযোগ করা হয়।

প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন পুতিন টেলিভিশনে তাকে নিয়ে ভাষণ দেন। যেখানে তিনি নিজের এক সময়ের ঘনিষ্ঠজন থেকে বিদ্রোহীতে পরিণত হওয়া প্রিগোজিনকে ‘বুদ্ধিমান ব্যবসায়ী’ বলে বর্ণনা করেন।

পশ্চিমা কয়েকজন রাজনীতিবিদ এবং বিশ্লেষক পুতিনের নির্দেশে বিদ্রোহের প্রতিশোধ নিতে প্রিগোজিনকে হত্যা করা হয়েছে বলে যে দাবি করেন তাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।