গণশৌচাগারে মিললো ব্রিটিশ নৌবাহিনীর ‘সংবেদনশীল নথি’
নৌবাহিনীর দাবি, সেগুলো প্রশিক্ষণের খুবই সাধারণ কাগজপত্র। রাষ্ট্রীয় কোনো গোপন নথি নয়।
ওয়েদারস্পুন্সয়ের গণশৌচাগারে দাপ্তরিক ‘সংবেদনশীল নথি’ পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন দ্য রয়্যাল নেভি।
যুক্তরাজ্যের পত্রিকা দ্য সান এর খবর অনুযায়ী, গণশৌচাগারে পাওয়া নথিতে ব্রিটিশ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক নৌযানগুলোর একটি এইচএমএস আনসন সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। এইচএমএস আনসন একটি পরমাণু শক্তিধর ‘অ্যাটাক সাবমেরিন’। অত্যাধুনিক এই সাবমেরিনটি যুদ্ধে ব্যবহার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, ওই নথিগুলি ব্যারো-ইন-ফার্নেসের ফার্নেস রেলওয়ে পাবের শৌচাগারে পাওয়া যায়। গণশৌচাগারটির ভেতরে মেঝেতে সেগুলো পড়েছিল।
নৌবাহিনী থেকে অবশ্য দাবি করা হয়েছে, পড়ে পাওয়া নথিগুলোতে কোনো রাষ্ট্রীয় গোপন তথ্য ছিল না। বরং সেগুলো ‘খুবই সাধারণ কাগজপত্র’।
এক বিবৃতিতে র্যায়ল নেভির একজন মুখপাত্র বলেন, ‘‘সেগুলো খুবই সাধারণ প্রশিক্ষণে কাগজপত্র। সেখানে রাষ্ট্রীয় গোপন কোনো তথ্য ছিল না।
‘‘যদিও আমরা নিরপত্তা বিষয়ক সব কিছুই খুবই গুরুত্বের সঙ্গে নেই এবং কোন পরিস্থিতিতে এ ধরণের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।”
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এইচএমএস আনসন ব্রিটিশ নৌবাহিনীর হাতে থাকা ‘সর্ববৃহৎ, সবচেয়ে আধুনিক এবং সবথেকে শক্তিশালী’ আক্রমণকারী সাবমেরিন।
একবারও ভেসে না উঠে নৌযানটি পুরো পৃথিবী প্রদক্ষিণ করতে সক্ষম বলে জানায় বিবিসি।
সাবমেরিনটি বর্তমানে স্কটল্যান্ডের ক্লাইড নৌঘাঁটিতে রয়েছে।
