সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
তাকে দেশে ফেরাতে বাংলাদেশের অনুরোধের পর দুই দফায় অতিরিক্ত তথ্য ও নথি চেয়েছে আরব আমিরাত।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ওপর সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমিরাত সাবেক এই আইজিপির জামিনে মুক্তি ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আনুষ্ঠানিক তথ্য বাংলাদেশকে দিয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে এ সংক্রান্ত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৯ সেপ্টেম্বর আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) পাঠানো চিঠিতে জানানো হয়, আমিরাতের সরকারি কৌঁসুলির আদেশে বেনজীর জামিনে মুক্ত হয়েছেন। তবে তাকে বাংলাদেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না।
তিনি জানান, বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে। সেই অনুরোধ পর্যালোচনার পর আমিরাত দুই দফায় অতিরিক্ত তথ্য ও আইনি নথি চেয়েছে। বাংলাদেশ সেসব নথি পাঠানোর ব্যবস্থা নিয়েছে।
দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে ধরতে ২০২৫ সালের ১১ এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল।
গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীরের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। ১৪ জুন জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।
গেল ৩০ জুলাই তিনি সেখানে জামিনে মুক্তি পান। ২ অগাস্ট দেশের কয়েকটি সংবাদমাধ্যম এ খবর দেয়।
গত ৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর আওতায় বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার বিষয়ে একটি প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়। সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের আনা ওই প্রস্তাবে বেনজীর কীভাবে দুবাইয়ে জামিন পেলেন এবং তাকে দেশে ফেরাতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা দ্রুত সংসদকে জানানোর কথা বলা হয়।
সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংসদে সরকারের নেওয়া পদক্ষেপের বিবরণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
লিখিত বিবৃতিটি দীর্ঘ হওয়ায় এর গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে শোনানোর অনুমতি চান সালাহউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার অনুমতি দিলে তিনি সংক্ষিপ্ত আকারে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।
