২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বার্গার কিং ইন্ডিয়ার মেন্যু থেকেও বাদ টমেটো

এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে টমেটোর বেশি দাম নয়, বরং টমেটোর গুণমান, পরিস্থিতি ও সরবরাহে অনিশ্চয়তাকে দায়ী করেছে ফাস্টফুড চেইন শপটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 09:45 PM

Updated : 17 Aug 2023, 11:03 PM

ভারতে বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসের পর এবার বার্গার কিংও তাদের বার্গার থেকে টমেটো বাদ দিয়েছে।

তবে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে টমেটোর বেশি দাম নয়, বরং টমেটোর গুণমান, পরিস্থিতি ও সরবরাহে অনিশ্চয়তাকে দায়ী করেছে ফাস্টফুড চেইন শপটি।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমে খারাপ আবহাওয়ার কারণে ভারতে টমেটোর ফলনে ধস নামায় বাজারে টমেটো সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

বিবিসি জানায়, বুধবার বার্গার কিং ভারতে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ‘কেন আমার বার্গারে টমেটো নেই?’ শীর্ষক এক নতুন বিভাগ যোগ করেছে।

ফাস্টফুড চেইনটি জানিয়েছে, তাদের ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টমেটোর খুবই উন্নতমান বজায় রাখে এবং এই সবজি শিগগিরই খাবার তালিকায় ফিরে আসবে। সে পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে বার্গার কিং।

এর আগে ভারতের ম্যাকডোনাল্ডস তাদের উত্তর ও পূর্ব ভারতের বেশির ভাগ আউটলেটের বার্গার থেকে টমেটো বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারাও কারণ হিসাবে উচ্চমূল্য নয়, বরং ভালো মানের টমেটো পাওয়া না যাওয়ার কথা উল্লেখ করেছিল।

ভারতে গত কয়েক সপ্তাহ ধরে টমেটোর দাম লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি প্রায় ২০০ রুপিতে, সাধারণত যেটি বিক্রি হত ৪০ থেকে ৫০ রুপিতে।

গোটা ভারতজুড়েই গত একমাসে ৬০ থেকে ৭০ শতাংশ বেড়েছে টমেটোর দাম। এই বাড়তি দামের আঁচ যেমন পড়েছে জনজীবনে, তেমনি পড়েছে ফাস্টফুড চেইন শপের খাবারের মেন্যুতেও।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকায় এবছর ভারতে টমেটোর ফলনে ধস নেমেছে। একদিকে ভারি বর্ষণ, অন্যদিকে তীব্র খরায় ফসল নষ্ট হয়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে বাজারে।

প্রতিবছর জুন-জুলাইয়ে এমনিতেই বাজারে টমেটো সরবরাহ কম থাকলেও এ বছর তা সংকটে রূপ নিয়েছে। চাহিদা আর জোগানের মধ্যে হয়ে গেছে আকাশ পাতাল ফারাক।