নিজস্ব প্রযুক্তিতে বুলেট ট্রেন তৈরি করছে ভারত, টক্কর দেবে জাপানকে
বিদেশি নির্ভরতা কমানোর পাশাপাশি উচ্চগতির রেলব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার আওতায় ভারত সবচেয়ে দ্রুতগতির দেশীয় ‘বি৩৫’ ট্রেন তৈরি করছে।
নিজস্ব প্রযুক্তিতে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বুলেট ট্রেন তৈরির উদ্যোগ নিয়েছে ভারত। ২০৩০ সালের মধ্যে এই সবচেয়ে দ্রুতগতির ট্রেন বি৩৫ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে দেশটি।
এই ট্রেনের গতি জাপানের ই১০ সিরিজের ট্রেনগুলোর সমকক্ষ হবে। বর্তমানে মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্পের এই কাজ চলছে। ব্যয় ২ লাখ কোটি রূপি ছাড়িয়ে গেছ, যা ২০১৫ সালের প্রাথমিক অনুমানের প্রায় দ্বিগুণ।
‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, ভারতের রেলমন্ত্রণালয় মন্ত্রিসভাকে জানিয়ে দিয়েছে যে, বি৩৫ ট্রেন তৈরির প্রক্রিয়া শুর হয়েছে। জাপান ২০২৪ সালের ডিসেম্বরে ভারতকে জানিয়েছিল, বিদ্যমান ই৫ সিরিজের ট্রেনগুলোর উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হচ্ছে।
জাপানের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালে ই১০ ট্রেনের উৎপাদন শুরু হবে এবং ২০৩৪ সালের মধ্যে সেগুলো চালু হবে বলে ধারণা করা হচ্ছে। ভারত যখন ই১০ ট্রেন সংগ্রহ করবে, ততদিনে দেশটি ঘণ্টায় ৩৫০ কিমি গতিসম্পন্ন নিজেদের বি৩৫ ট্রেন তৈরি করে ফেলবে। এটি সরাসরি জাপানের ই১০ সিরিজের বুলেট ট্রেনকে টেক্কা দেবে।
ভারত বি২৮ হাই-স্পিড ট্রেন তৈরির কাজও শুরু করেছে। মুম্বাই-আহমেদাবাদ করিডরে প্রথমে এই ট্রেনগুলোই চলবে। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৮০ কিলোমিটার হলেও, এটি ঘণ্টায় ২৪৯ কিলোমিটার বেগে চালানো হবে। ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকে ২ টি ট্রেন ট্রায়ালের জন্য প্রস্তুত হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে ভারত শুধু ট্রেনই তৈরি করছে না, এর কন্ট্রোলিং সিস্টেমও সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বানাচ্ছে। দেশটি নিজস্ব ‘ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম’ (বিটিসিএস) তৈরি করবে, যা ট্রেনের গতি, ট্রেনগুলোর মধ্যে দূরত্ব এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যবহার হবে।
ওদিকে, মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরের মোট দৈর্ঘ্য হবে ৫০৮ কিলোমিটার। সম্পূর্ণ করিডোরটি ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে যাবে এই রেলপথ। এতে মুম্বাই, থানে, ভিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভারুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ ও সাবরমতীসহ ১২টি স্টেশন থাকবে।
বিদেশি নির্ভরতা কমানোর পাশাপাশি উচ্চগতির রেলব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার আওতায় ভারত নিজস্ব প্রযুক্তিতে ‘বি৩৫’ ট্রেন তৈরি করছে।
