যুদ্ধের খরচ বাড়ছে, প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করেছে রাশিয়া
সরকারি নথি বলছে, ২০২৩ সালের কেবল প্রথমার্ধেই রাশিয়া প্রতিরক্ষায় ৬০ হাজার কোটি রুবল বাড়তি খরচ করেছে।
ইউক্রেইন যুদ্ধের খরচ বাড়তে থাকায় প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা এবছর প্রায় দ্বিগুণ করে ১০ হাজার কোটি ডলারেরও বেশি (৯৭,০০০০ রুবল) বাড়িয়েছে রাশিয়া।
এই ব্যয় গোটা সরকারি খরচের এক-তৃতীয়াংশ। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা একটি সরকারি নথিতে এমনটিই দেখা গেছে।
রাশিয়ায় সুনির্দিষ্ট সরকারি খাতে ব্যয় সংক্রান্ত বাজেটের তথ্য প্রকাশ হয়নি। এর মধ্যেই প্রতিরক্ষায় খরচের এই পরিসংখ্যান ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার ব্যয়ের বহরই সামনে নিয়ে এসেছে।
সরকারি নথি বলছে, ২০২৩ সালের কেবল প্রথমার্ধেই রাশিয়া প্রতিরক্ষায় ১২ শতাংশ বা ৬০ হাজার কোটি রুবল বাড়তি খরচ করেছে। যা প্রতিরক্ষায় এবছরের ব্যয়ের মূল লক্ষ্যমাত্রা ৪,৯৮০০০ কোটি রুবলের চেয়ে বেশি।
২০২৩ সালের প্রথম ছয়মাসে প্রতিরক্ষায় রাশিয়ার খরচ হয়েছে ৫,৫৯০০০ কোটি রুবল। যা এই সময়ে ব্যয় হওয়া মোট ১৪৯৭,০০০ কোটি রুবলের ৩৭ দশমিক ৩ শতাংশ। রাশিয়ার বাজেট পরিকল্পনায় জাতীয় প্রতিরক্ষায় মোট ৭১ দশমিক ১ শতাংশ তহবিল ব্যয় ধরা হয়েছে।
তবে এই খরচের বিষয়ে মন্তব্যের অনুরোধে রাশিয়ার সরকার কিংবা অর্থমন্ত্রণালয় থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
রপ্তানি রাজস্ব কমে যাওয়ার কারণে এরই মধ্যে রাশিয়ার বাজেটে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলারের। ইউক্রেইন অভিযানের কারণে রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় আরও বাড়লে বাজেটে ঘাটতিও আরও বাড়বে।
সর্বশেষ প্রকাশিত তথ্যানুসারে রাশিয়া জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে সামরিক খাতে ২,০০০০০ কোটি রুবল ব্যয় করেছে। বছরের প্রথমার্ধে বাজেট খরচ ছিল ২৪৪,০০০ কোটি রুবল। যা ২০২২ সালের একই সময়ের চেয়ে বেশি।
সরকারি নথির ভিত্তিতে রয়টার্স জানায়, প্রতিরক্ষা খাতে বাড়তি আরও ৯৭ দশমিক ১ শতাংশ তহবিল দেওয়া হয়েছে।
