২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে বাড়ছে খুনোখুনি, সেনা প্রধানকে তলব প্রধানমন্ত্রীর

“আমরা অপরাধী দলগুলোর সবাইকে ধরব ও তাদের পরাজিত করব,” বলেন উল্ফ খ্রিস্তেসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 11:59 AM

Updated : 28 Oct 2023, 03:58 PM

সুইডেনে সংঘবদ্ধ অপরাধী দলগুলো বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটানোর পর উদ্বিগ্ন প্রধানমন্ত্রী অপরাধ নিয়ন্ত্রণে সাহায্য করতে সশস্ত্র বাহিনীর প্রধানকে তলব করেছেন।

তারা দুইজন এবং দেশটির পুলিশ প্রধান শুক্রবার এক বৈঠকে অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সামরিক বাহিনী কী ভূমিকা পালন করতে পারে তা নিয়ে আলোচনা করবেন।

এর আগে ১২ ঘণ্টার মধ্যে সুইডেনের স্টকহোমে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় এবং রাজধানীর উত্তরে আরেকটি শহরে নিজ বাড়িতে বিস্ফোরণে এক নারী নিহত হন।

টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ খ্রিস্তেসন বলেছেন, “আমরা অপরাধী দলগুলোর সবাইকে ধরব ও তাদের পরাজিত করব।” 

সশস্ত্র বাহিনীর প্রধান মিকেল বিলদাম দেশটির সংবাদপত্র দাগেন্স নিহিয়েতারকে জানিয়েছেন, পুলিশের চেষ্টায় সহায়তা করার প্রস্তুতি নিয়েছেন তিনি।

কিন্তু সামরিক বাহিনী ঠিক কীভাবে এ প্রচেষ্টায় যুক্ত হবে তা স্পষ্ট হয়নি। আগে যে কথাবার্তা হয়েছে, তাতে ধারণা পাওয়া যাচ্ছে যে, সামরিক বাহিনীর সদস্যরা পুলিশের কিছু দায়িত্ব নিয়ে অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি সময় দেওয়ার সুযোগ করে দিতে পারে।

এই সিদ্ধান্তের সমালোচনাকারীরা বলছেন, এসব পদক্ষেপে সমস্যার সমাধান হবে না, সহিংসতার মূল কারণগুলো দূর না করে তার লক্ষণগুলোর ‘চিকিৎসা’ করলে কাজ হবে না।

দাগেন্স নিহিয়েতারের খবর অনুযায়ী, চলতি মাসে এ পর্যন্ত দেশটিতে অপরাধী দলগুলোর সহিংসতায় ১২ জন নিহত হয়েছেন, ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে যা সর্বোচ্চ।  

ফক্সট্রট নেটওয়ার্ক নামে পরিচিত একটি অপরাধী দলের নিজেদের মধ্যে মারামারি এবং দুটি উপদলে বিভক্ত হয়ে পড়ার সঙ্গে সহিংসতা বৃদ্ধির সম্পর্ক আছে বলে মনে করে সুইডিশ গণমাধ্যম।

প্রধানমন্ত্রী খ্রিস্তেসন বলেছেন, এর আগে সুইডেন এ রকম কোনো কিছু দেখেনি এবং ‘ইউরোপের অন্য কোনো দেশ’ এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে না। শিশুরা ও নির্দোষ পথচারীরা ঘন ঘন এসব সহিংসতার শিকার হচ্ছে।

গত বছর সুইডেনে গোলাগুলিতে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল; রেকর্ড অনুযায়ী যা সর্বোচ্চ। চলতি বছর ওই রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংবাদসূত্র: বিবিসি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)