রুশদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইইউয়ে বিভক্তি
ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল মতবিরোধে জড়িয়ে পড়া দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার নাগরিকদের ওপর ভ্রমণ ভিসায় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো। ফ্রান্স এবং জার্মানি এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে।
ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল বুধবার বিষয়টি নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়া দেশগুলোকে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের ছয়মাস পেরিয়েছে। এখন মস্কোর বিরুদ্ধে ইউরোপকে একতাবদ্ধ থাকতেই হবে।
রাশিয়ার পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করে ২০০৭ সালে হওয়া একটি চুক্তি স্থগিত করা নিয়ে চেক রিপাবলিকের প্রাগে বুধবার দ্বিতীয় দিনের মতো ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলছে।
এ বৈঠক চলার মধ্যেই জোসেপ বরেল ইইউ সদস্যদেশগুলোকে সতর্ক করে দিয়ে তাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বললেন।
২০০৭ সালের ওই চুক্তি স্থগিত হয়ে গেলে রাশিয়ার নাগরিকদেরকে ইইউ দেশগুলোতে ভ্রমণ করতে হলে ভিসা পাওয়ার জন্য অনেক বেশি সময় অপেক্ষা করতে হবে এবং আরও বেশি অর্থ খরচ করতে হবে।
কিন্তু রুশ নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞায় কতদূর পর্যন্ত যাওয়া উচিত হবে এবং ভ্রমণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কিনা তা নিয়েই ২৭ সদস্যের ইইউ ব্লকে মতবিভক্তি দেখা দিয়েছে।
ইউক্রেইন বরাবরই রাশিয়া আগ্রাসনের শাস্তি হিসাবে সাধারণ রুশ নাগরিকদের মূল্য দেওয়ানোর জন্য আহ্বান জানিয়ে আসছে। ইইউ এর কয়েকটি দেশ এরই মধ্যে রুশ নাগরিকদের প্রবেশে কড়াকড়িও আরোপ করেছে।
তবে পূর্বাঞ্চলীয় এবং নর্ডিক দেশগুলো রুশদের ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ করার জন্য ইইউকে চাপ দিচ্ছে। তবে জার্মানি এবং ফ্রান্স সতর্ক করে দিয়ে বলছে, এতে হিতে বিপরীত হবে। হাঙ্গেরি, লুক্সেমবার্গ এবং অস্ট্রিয়াও একই কথা বলছে।
পোল্যান্ড, ফিনল্যান্ড ও বাল্টিক দেশগুলো বলছে, ইইউ সামগ্রিকভাবে কোনও মতৈক্যে পৌঁছতে না পারলে তারা নিজেরাই রুশদের ভ্রমণ ভিসা নিষিদ্ধ করবে।
তিন বাল্টিক দেশ এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড ও ফিনল্যান্ড- পাঁচ দেশেরই রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে। রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনের জেরে তারা রুশ পর্যটক নিষিদ্ধ করতে চাইছে।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। এখন সময় খুবই গুরুত্বপূর্ণ। সময় নষ্ট করতে থাকলে ইউক্রেইনবাসীদের রক্ত দিয়ে এর মূল্য দিতে হবে।”
ওদিকে, ইইউ এর বর্তমান প্রেসিডেন্ট পদে থাকা চেক রিপাবলিক চায় রুশ পর্যটকদের ভ্রমণ ভিসা সংক্রান্ত ২০০৭ সালের চুক্তি স্থগিত করা হোক।
আর কেবল ইইউ দেশগুলোতেই নয় বরং এমনকী শেনজেন এলাকা ভ্রমণেও রুশ নাগরিকদের ওপর কড়াকড়ি আরোপের আহ্বান জানিয়ে ইউরোপীয় কমিশনের কাছে যৌথভাবে চিঠি লিখেছে এস্তোনিয়া, ফিনল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া এবং পোল্যান্ড।
দেশগুলো বলেছে, সামগ্রিকভাবে ইইউ পর্যায়ে এ ধরনের ব্যবস্থা না নেওয়া হলে তারা নিজেরই জাতীয় পর্যায়ে সাময়িকভাবে এমন পদক্ষেপ নেবে।
ইইউ কূটনীতিকরা বলছেন, রুশদের ভ্রমণ নিষিদ্ধ করা নিয়ে এমন বিভক্তির কারণে প্রাগে চলমান দুদিনব্যাপী বৈঠকে সদস্যদেশগুলোর মধ্যে মতৈক্য হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
