২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরির সঙ্গে তিন চুক্তি ও সমঝোতা স্মারক

খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 01:10 PM

Updated : 24 Jan 2024, 01:10 PM

অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে হাঙ্গেরির সঙ্গে একটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে সোমবার নিউ ইয়র্কে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিয়ার্তোর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠকে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর মধ্যে চুক্তিটি হয়েছে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে। আর ২০২৪-২৬ সালে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরির শিক্ষা বৃত্তি এবং ২০২৩-২৫ সালের জন্য স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারকে সই করেন দুই মন্ত্রী।

খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বিশ্বব্যাপী মানুষের দুর্দশা লাঘবের জন্য যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার বিষয়ে তারা একমত পোষণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে হাঙ্গেরির সহযোগিতা কামনা করেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে হাঙ্গেরির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দেন।

বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত সফরে দ্বৈত কর পরিহার, বিনিয়োগের নিরাপত্তা বিষয়ক চুক্তি এবং পানি সহযোগিতা চুক্তি হবে বলে উভয় মন্ত্রী আশা প্রকাশ করেন। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়েও তারা আলোচনা করেন।

হাঙ্গেরির মন্ত্রী পিটার সিয়ার্তোকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য হাঙ্গেরির ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। হাঙ্গেরি এ বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানান। সংবাদসূত্র: বাসস

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)