সিআইএ’র হয়ে কাজ করা চীনা গুপ্তচর, তদন্ত চলছে
পড়াশুনার জন্য জাপানে গিয়ে সেখানেই গুপ্তচরবৃত্তিতে জড়ান হাও নামের এই চীনা কর্মকর্তা- বলছে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর হয়ে কাজ করার দায়ে অভিযুক্ত এক চীনা গুপ্তচরের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়।
৩৯ বছর বয়সী হাও নামের ওই কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্ত্রণালয়ের ক্যাডার ছিলেন। পড়াশুনার জন্য তিনি জাপানে গিয়েছিলেন। সেখানেই গুপ্তচরবৃত্তিতে জড়ান বলে জানিয়েছেন চীনের নিরাপত্তা মন্ত্রণালয়।
বলা হয়েছে, জাপানে পড়াশোনার সময় টেড নামে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে হাওয়ের। টেড পরে হাওকে টোকিওয় থাকা সিআইএ- এর গুপ্তচর লাই জুনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেখানে হাও গুপ্তচরবৃত্তির এক চুক্তিতে স্বাক্ষর করেন।
চীনে সরকারি চাকরির সময় হাও সিআইএ কর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। সিআইএ কে গোয়েন্দা তথ্য দিতেন এবং গুপ্তচরবৃত্তির জন্য তহবিলও সংগ্রহ করতেন। হাও ছেলে না মেয়ে সে তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।
এর আগে এ মাসের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর হয়ে কাজ করা আরেক চীনা গুপ্তচরকে পাকড়াও করেছিলেন চীনের গোয়েন্দারা। ওই গুপ্তচর চীনেরই একটি সামরিক কোম্পানিতে কাজ করছিলেন।
জাতীয় নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে সম্প্রতি কয়েকমাসে চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, সাইবার হামলার অভিযোগ করেছে। তবে চীন এসব অভিযোগ অস্বীকার করেছে। চীন গুপ্তচরদের কাছ থেকে হুমকির মুখে আছে বলেও জানিয়েছে।
চীন এ মাসে দেশের নাগরিকদেরকে গুপ্তচরবৃত্তি মোকাবেলার কাজে নামার আহ্বান জানিয়েছে। গত জুলাইয়ে দেশটি গুপ্তচরবিরোধী আইন সম্প্রসারণ করে। এতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
