ভারতের কেরালায় হাউসবোট উল্টে অন্তত ২২ জনের মৃত্যু
থুভালথিরাম সৈকতের কাছে নোঙর করা হাউসবোটটি অতিরিক্ত মানুষের ভারে উল্টে ডুবে যায়।
ভারতের কেরালা রাজ্যের উপকূলে দোতলা একটি হাউসবোট উল্টে যাওয়ার পর ডুবে গিয়ে সাতটি শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজ্যটির মালাপ্পুরম জেলার উপকূলীয় শহর তানুরের সৈকতের কাছে এ ঘটনা ঘটেছে বলে সোমবার রাজ্য সরকার জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, থুভালথিরাম সৈকতের কাছে নোঙর করা হাউসবোটটি স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে উল্টে যায়, অতিরিক্ত মানুষের ভারে এ ঘটনা ঘটে।
বোটটিতে টিকেটধারী ৪০ জন থাকলেও টিকেট ছাড়াও আরও অনেকে ছিলেন। তবে ঠিক কতোজন ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বোটটির নিরাপত্তা ছাড়পত্রও ছিল না বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
মালাপ্পুরম জেলার সহকারী পুলিশ সুপার আব্দুল নজর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অতিরিক্ত যাত্রীর ভারেই বোটটি ডুবে গেছে। উদ্ধার করার পর ১০ জনের মতো যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আরও অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
কেরালার মৎস ও বন্দর উন্নয়ন মন্ত্রী ভি. আব্দুররহমান সাংবাদিকদের জানিয়েছেন, বোটটি এখনও ঘোলা পানিতে আটকা পড়ে আছে, এর ভেতরে যারা আটকা পড়ে আছেন তাদের উদ্ধার করতে বোটটিকে টেনে আনা হচ্ছে; মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
হাসপাতালে ভর্তি থাকা যাত্রীদের মধ্যে অন্তত চারজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন তিনি।
কেরালার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (কেএসডিএমএ) মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে আছে। তারা পানির নিচে ক্যামেরা ব্যবহার করে উদ্ধার কাজ চালাচ্ছেন।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, ঘটনার সময় যাত্রীদের অনেকেই লাইফ জ্যাকেট পরা ছিলেন না।
এ ঘটনায় ঠিক কতোজন নিখোঁজ রয়েছেন তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। দুর্ঘটনার ঘটনার কারণ তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
