রহস্য উদঘাটনের আগেই মারা গেলেন চীনা নারী ঝু লিং
চীনা বিশ্ববিদ্যালয়ের একসময়কার রসায়নের এই শিক্ষার্থী বিষপ্রয়োগের শিকার হয়ে মারা গেছেন। কীভাবে তা ঘটল সে রহস্য উদঘাটন হয়নি আজও।
চীনের সিংহুয়া ইউনিভার্সিটির একসময়কার রসায়নের শিক্ষার্থী ঝু লিং ১৯৯৪ সালে উচ্চ মাত্রায় বিষাক্ত রাসায়নিক থালিয়াম প্রয়োগের শিকার হয়েছিলেন।
এতে তার দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়া ছাড়াও মস্তিষ্ক অকার্যকর হয়ে যায় এবং তিনি প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। ২৪ ঘণ্টাই তাকে দেখভাল করতে হত। বছরের পর বছর এ অবস্থায় থাকার পর অবশেষে ৫০ বছর বয়সে মারা গেছেন ঝু লিং।
কিন্তু তিনি কীভাবে বিষপ্রয়োগের শিকার হয়েছিলেন সে রহস্য উদঘাটন হয়নি আজও।ঝু লিংকে বিষপ্রয়োগের ঘটনায় আজ পর্যন্ত কেউ অভিযুক্তও হয়নি। লিংয়ের ক্লাসমেট ও রুমমেট সুন উয়ের বিরুদ্ধে তদন্ত হলেও তিনি অভিযুক্ত হননি।
১৯৯৭ সালে পুলিশ সুনের বিরুদ্ধে তদন্ত চালালেও পরে পর্যাপ্ত প্রমাণের অভাবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয় তাকে। পাশাপাশি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে এসেছিলেন তিনি। বদলে ফেলেছিলেন নামও।
১৯৯৪ সালের শেষের দিকে ঝু লিং পেটে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেছিলেন। তার চুল পড়ে যাচ্ছিল। কয়েকমাস পর তিনি কোমায় চলে যান। চিকিৎসকরা পরে নিশ্চিত হন যে, ঝু লিংকে বিষাক্ত থালিয়াম প্রয়োগ করা হয়েছে। নরম এই রাসায়নিক পদার্থটি পানিতে সহজেই মিশে যায় এবং এটি স্বাদ-গন্ধহীন।
এ ঘটনাকে কেন্দ্র করে পরে কয়েকটি খবরে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যে কম্পাউন্ডে থালিয়ামের মজুত ছিল সেখানে প্রবেশের অনুমতি ছিল ঝু লিংয়ের রুমমেট সুন উয়ের। কিন্তু সুন দাবি করেন, ওই কম্পাউন্ডে প্রবেশের অনুমতি কেবল তার একারই ছিল না, অন্য শিক্ষার্থীদেরও ছিল।
ঝু লিংয়ের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাস, সুন উয়ে প্রতিহিংসার বশে ঝু লিংকে থালিয়াম প্রয়োগ করেছিলেন। কারণ, লিংয়ের সৌন্দর্য এমনকি পড়াশোনা ও সংগীতে তার অর্জন দেখে হিংসা করতেন সুন।
তবে লিংয়ের সঙ্গে ব্যক্তিগত কোনও ধরনের শত্রুতা কিংবা প্রতিহিংসা থাকার কথা অস্বীকার করেছেন সুন উয়ে। সুন পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে থাকতে শুরু করেছিলেন। তারপরও ২০১৩ সালে সুন উয়ের বিষয়ে তদন্ত করা এবং তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর জন্য মার্কিন কর্তৃপক্ষের কাছে একটি পিটিশন দাখিল করা হয়েছিল।
পিটিশনে সুনের পরিবারের শক্তিশালী রাজনৈতিক যোগাযোগ আছে বলে বর্ণনা করা হয়। তবে ওই পিটিশনের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানায় এবং ঝু লিংয়ের ঘটনাটি ‘মর্মান্তিক’ বলে বর্ণনা করে।
সুন উয়ের দাদা একজন প্রভাবশালী চীনা কর্মকর্তা ছিলেন। তাই জল্পনা ছিল, সুনের বিষয়ে তদন্তে তার দাদা হস্তক্ষেপ করেছিলেন। তবে সুনের দাবি, পুলিশ যখন তাকে জেরা করে, ততদিনে তার দাদার মৃত্যু হয়েছে। আর পুলিশও তদন্তে কারও হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়েছিল।
