২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভরত ট্রাক-লরিচালকদের রাস্তা ছাড়তে বললেন বোলসোনারো

বামপন্থি লুলা দ্য সিলভাকে জয়ী ঘোষণা করার পর থেকেই কট্টর-ডানপন্থি বোলসোনারোর সমর্থকরা ব্রাজিলজুড়ে অসংখ্য রাস্তা অবরোধ করে রেখেছে।

বিক্ষোভরত ট্রাক-লরিচালকদের রাস্তা ছাড়তে বললেন বোলসোনারো

ছবি রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 03:42 PM

Updated : 03 Nov 2022, 03:42 PM

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ফলে আপত্তি জানিয়ে বিক্ষোভরত ট্রাক ও লরিচালকদের রাস্তা ছেড়ে অন্যত্র প্রতিবাদ দেখাতে বলেছেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। 

বামপন্থি লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে জয়ী ঘোষণা করার পর থেকেই কট্টর-ডানপন্থি বোলসোনারোর সমর্থকরা ব্রাজিলজুড়ে অসংখ্য রাস্তা অবরোধ করে রেখেছে বলে জানিয়েছে বিবিসি।

বোলসোনারো বলেছেন, রাস্তা আটকে রাখা ‘বৈধ’ প্রতিবাদের অংশ নয়।

তিনি লোকজনকে অন্যত্র প্রতিবাদ কর্মসূচি পালনে উৎসাহও দিয়েছেন।

বোলসোনারোর অনেক কট্টর সমর্থকই রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডের ফল মানতে পারছেন না। এদিনের ভোটের ৫০ দশমিক ৯ শতাংশ জিতে সাবেক প্রেসিডেন্ট লুলা জানুয়ারিতে ফের ক্ষমতায় বসার পথ পাকাপোক্ত করে ফেলেছেন। বোলসোনারো হেরেছেন সামান্য ব্যবধানে।

ভোটের ফলে ক্ষুব্ধ হয়ে লরিচালকরা ব্রাজিলের বিভিন্ন অংশের সড়ক আটকে দেন। তাদের এ পদক্ষেপ দেশটির বিভিন্ন অংশে পণ্য, খাদ্য ও জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটিয়েছে।

সব রাস্তা এখনও সচল করতে না পারলেও এরই মধ্যে ৭০০র বেশি বাধা সরানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার টুইটারে এক ভিডিও পোস্টে রাস্তা অবরোধকারীদের উদ্দেশ্য করে বোলসোনারো বলেন, “আমি জানি আপনারা আপসেট, আমিও আপসেট। কিন্তু আমাদের শির সোজা রাখতে হবে।

“আমি একটা আবেদন জানাতে চাই, তা হল- রাস্তা ছেড়ে দেন। রাস্তা বন্ধ থাকলে তা আমাদের সংবিধানে দেওয়া যাতায়াতের অধিকারে বাধা সৃষ্টি করে।”

তবে তিনি অন্য উপায়ে প্রতিবাদ জারি রাখতে উৎসাহ যুগিয়েছেন; তার সমর্থনে হওয়া নানান সমাবেশকে স্বাগতও জানিয়েছেন।

এসব সমাবেশে ব্রাজিলের পতাকা হাতে থাকা বোলসোনারোর সমর্থকদেরকে লুলাবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।

অনেকে বোলসোনারোকে ক্ষমতায় রাখতে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করারও আহ্বান জানাচ্ছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষিত হওয়ার পর প্রায় দুই দিনের মাথায় মুখ খোলা বোলসোনারো তার মঙ্গলবারের ভাষণে প্রকাশ্যে লুলাল কাছে হার স্বীকার না করলেও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে তার শিবিরের লোকদের অনুমতি দিয়েছেন।

মঙ্গলবারের ভাষণ তিনি নির্বাচনের ফলকে বিতর্কিত বলেও অভিহিত করেননি।

সব ঠিক থাকলে আগামী ১ জানুয়ারি ব্রাজিলে বোলসোনারোর শাসনের অবসান ঘটবে, প্রত্যাবর্তন ঘটবে বামপন্থি, ৭৭ বছর বয়সী লুলার। এত বেশি বয়সে কারও প্রেসিডেন্ট হওয়া আগে দেখেনি দক্ষিণ আমেরিকার দেশটি।