২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নুরেমবার্গ বিচারের শেষ জীবিত কৌঁসুলি বেন ফেরেনজের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত শুক্রবার মারা যান ‘বিশ্বে গণহত্যার শিকার হওয়াদের জন্য ন্যায়বিচার সন্ধানী এই নেতা।’

নুরেমবার্গ বিচারের শেষ জীবিত কৌঁসুলি বেন ফেরেনজের মৃত্যু

ছবি: বিবিসি ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 07:34 PM

Updated : 09 Apr 2023, 08:41 PM

১০৩ বছর বয়সে মারা গেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ বিচারের শেষ জীবিত কৌসুঁলি বেন ফেরেনজ।

মাত্র ২৭ বছর বয়সে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য নাৎসি কর্মকর্তাদেরকে দোষী সাব্যস্ত করেছিলেন তিনি।

পরবর্তীতে যুদ্ধাপরাধের বিচারের জন্য একটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠার জন্য সোচ্চার হয়েছিলেন ফেরেনজ, যা ২০০২ সালে বাস্তবায়িত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত শুক্রবার বেন ফেরেনজ ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শৈশব থেকে তার আজীবনের সঙ্গী স্ত্রী গার্ট্রুড ফ্রাইড মারা যান ২০১৯ সালে।

ইউএস হলোকাস্ট মিউজিয়াম ফেরেনজের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, “গণহত্যার শিকার হওয়াদের জন্য ন্যায়বিচার সন্ধানী এক নেতাকে হারালো বিশ্ব।”

বিবিসি জানায়, ১৯২০ সালে রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় জন্মগ্রহণ করেছিলেন বেন ফেরেনজ। পরে তার পরিবার ইহুদিবিদ্বেষ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় এবং নিউ ইয়র্কে থিতু হয়।

হার্ভার্ড ল স্কুল থেকে ১৯৪৩ সালে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন বেন ফেরেনজ। তিনি সার্জেন্ট পদে উন্নীত হন এবং পরে নাৎসি যুদ্ধাপরাধের তদন্ত ও প্রমাণ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত একটি দলে যোগ দেন।

সে সময় তিনি বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছিলেন তিনি। সেসব স্থানে যা দেখেছিলেন তা পরে বর্ণনা করেছিলেন ফেরেনজ। বলেছিলেন, ডায়রিয়া, আমাশয়, টিবি, টাইফয়েড, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের কঙ্কালের স্তূপ পড়েছিল চারিদিকে। কারও আবার তখনও চোখে ছিল অসহায় আর্তি।

যুদ্ধাপরাধের তদন্তের বিষয়ে ফেরেনজ লিখেছিলেন, “নাৎসিদের যুদ্ধাপরাধ তদন্ত করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল, তাতে আমি নিঃসন্দেহে ট্রমাগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেগুলো আমি আর চিন্তা না করা এবং এ নিয়ে কম কথা বলারই চেষ্টা করি।”

যুদ্ধের পর ফেরেনজ আইন পেশায় অনুশীলনের জন্য নিউ ইয়র্কে ফিরে গিয়েছিলেন। এর কিছুদিন পরই নুরেমবার্গের বিচারে নাৎসিদের বিচার কাজে সাহায্য করার জন্য তাকে নিয়োগ করা হয়েছিল। তবে এ বিষয়ে তার কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ওই সময়ে বিচারে অভিযোগ আনা হয়েছিল ২৪ জন নাৎসি কর্মকর্তার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হয়েছিল ১৯ জন। খালাস পায় ৩ জন। ১২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে এই দণ্ড কার্যকর হয়েছিল ১০ জনের।

জার্মানসহ ছয়টি ভাষায় সাবলীল ফেরেনজ বিচারে পর পশ্চিম জার্মানিতে থেকে গিয়েছিলেন। দেশটির তৎকালীন নতুন সরকারের কাছ থেকে ইহুদিদের ক্ষতিপূরণ পেতে সহায়তা করেছিলেন তিনি।

ফেরেনজের সোচ্চার ভূমিকায় ২০০২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগ-এ আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) প্রতিষ্ঠিত হয়। যদিও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি বড় দেশ এতে সম্পৃক্ত না হওয়ায় এর কার্যকারিতা কম।