২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জঙ্গি হামলায় নিহত ৩০

উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরির এক গ্রামে হামলাটি চালানো হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জঙ্গি হামলায় নিহত ৩০

ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 05:01 PM

Updated : 15 Apr 2023, 05:01 PM

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তরপূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৩০ বেসামরিক নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সকালে ইতুরির এক গ্রামে হামলাটি চালানো হয় বলে একটি সিভিল সোসাইটি গোষ্ঠীর প্রধান ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোনগো শিকুদি ইতুরির বানিয়ালি কিলো জেলায় হামলার ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন, তবে সশস্ত্র বাহিনী ওই এলাকায় এখনো তল্লাশি চালাচ্ছে জানিয়ে নিহতের সংখ্যা নিয়ে কিছু বলেননি তিনি।

স্থানীয় সিভিল সোসাইটির সভাপতি চারিত বানজা বলেছেন, “তারা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, সম্পদ লুটপাট করে এবং নারী ও পুরুষসহ প্রায় ৩০ জনকে হত্যা করে।”

বানিয়ালি কিলোর বাসিন্দা জঁ বাসিলোকে জানান, এ পর্যন্ত ৩৫ জনের মৃতদেহ গণনা করা হয়েছে, তাদের মধ্যে শিশুও আছে।

তিনি, জানজা ও শিকুদি এ হামলার জন্য কোডেকো গোষ্ঠীকে দায়ী করেছেন। যে বেশ কয়েক ডজন সশস্ত্র বেসামরিক বাহিনী গভীর বনে আচ্ছাদিত কঙ্গোর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে তাদের মধ্যে এই গোষ্ঠীটি অন্যতম।