চীনকে ‘টাইম বোমা’ বললেন বাইডেন
চীনের অভ্যন্তরীন অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে দেশটিকে নিয়ে এমন মন্তব্য করেন যুক্তরাষেট্রর প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনকে ‘টিকটিক করতে থাকা টাইম বোমা’র সঙ্গে তুলনা করেছেন, যা যে কোনও সময় বিস্ফোরিত হতে পারে। চীনের অভ্যন্তরীন অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে দেশটিকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।
চীন দুর্বল প্রবৃদ্ধি নিয়ে সমস্যায় আছে-এমন কথাও বলেন বাইডেন। বৃহস্পতিবার উটাহ-তে নির্বাচনী তহবিল সংগ্রহের এক প্রচারাভিযানে তিনি বলেন, “তারা (চীন) বেশ কিছু সমস্যায় আছে। এটি ভাল নয়। কারণ, মন্দ লোকেরা কোনও সমস্যার মধ্যে থাকলে তারা মন্দ কাজই করে।”
এর আগে জুন মাসে দু’দেশের সম্পর্ক স্থিতিশীল করতে চীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সে সময়ই একটি রাজনৈতিক প্রচারাভিযানে বাইডেন চীনের প্রেসিডেন্ট শি’কে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়েছিলেন। চীন এ মন্তব্যকে উস্কানি বলে অভিযোগ করেছিল।
বৃহস্পতিবার বাইডেন বলেন, চীন সমস্যায় পড়েছে। তিনি চীনকে আঘাত করতে চান না বরং দেশটির সঙ্গে যৌক্তিক সম্পর্ক চান।
তবে চীনের সঙ্গে সম্পর্কন্নোয়ন চাইলেও বুধবার এক নির্বাহী আদেশের সই করে বাইডেন প্রযুক্তি খাতের কিছু স্পর্শকাতর ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোর চীনে বিনিয়োগ নিষিদ্ধ করেছেন। বিশেষ করে কম্পিউটার চিপ নির্মাণের মতো খাতে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। তারা জানায়, বাইডেনের এ আদেশ নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের আছে।
সিএনবিসি জানায়, চীনের আমদানি ও রপ্তানি দুটোই গত জুলাই মাসে কমেছে। রপ্তানি কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ এবং আমদানি কমেছে ১২ দশমিক ৪ শতাংশ। এ পরিসংখ্যানে এটাই সামনে এসেছে যে, বিশ্লেষকরা যা ধারণা করেছিলেন, তার চেয়েও অনেক বেশি হারে কমেছে চীনর আমদানি-রপ্তানি।
