পর্তুগালে দাবানল নেভাতে লড়ছে দমকলকর্মীরা, আহত ৯
বাড়তে থাকা তাপমাত্রার মধ্যে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে হাজার হাজার হেক্টর এলাকাজুড়ে।
পর্তুগালে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে রীতিমত লড়াই করে যাচ্ছে দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছে অন্তত ৯ জন।
বাড়তে থাকা তাপমাত্রার মধ্যে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে হাজার হাজার হেক্টর এলাকাজুড়ে।
সোমবার দক্ষিণাঞ্চলীয় ওদেমিরা শহরের কাছে দাবানল নেভাতে রাতভর লড়ে গেছে প্রায় ৮০০ অগ্নিনির্বাপণ কর্মকর্তা। সরিয়ে নেওয়া হচ্ছে ১৪শ’রও বেশি মানুষকে।
পর্তুগালের সান্তারিম শহরে সোমবার তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এবছর এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে বেশি তাপমাত্রা।
শনিবার ওদেমিরার কাছে শুরু হয় দাবানল। দমকা বাতাসে আগুন ছড়িয়ে পড়ে দক্ষিণে পর্তুগালের প্রধান পার্বত্য পর্যটন অঞ্চল অ্যালগ্রেভে।
আগুনে এরই মধ্যে পুড়ে গেছে ৬ হাজার ৭০০ হেক্টর জমি। শহরের মেয়র বলেছেন, “পরিস্থিতি গুরুতর, জটিল এবং কঠিন।”
বিবিসি জানায়, দেশের কেন্দ্রস্থলে আরও কয়েক জায়গায় আগুনের কারণে যান চলাচলের কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। দুটি এলাকায় দমকলকর্মীদের সহায়তায় আগুন নেভানোর জন্য পানি ঢালতে ১৬ টি বিমান মোতায়েন করা হয়েছে।
পর্তুগালজুড়ে ১২০ টিরও বেশি পৌর এলাকা দাবানলের সর্বোচ্চ ঝুঁকিতে আছে বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জলবায়ু পরিবর্তন গরম এবং শুষ্ক আবহাওয়ার ঝুঁকি বাড়াচ্ছে, যা দাবানল আরও বাড়িয়ে দিতে পারে। শিল্পযুগ শুরুর পর থেকে বিশ্ব উষ্ণায়ন এরই মধ্যে প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বিশ্বের দেশগুলো কার্বন নির্গমন যথেষ্ট পরিমাণ না কমালে তাপমাত্রা আরও বাড়তেই থাকবে।
