২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি-বন্যায় ৫ মৃত্যু

এ বছরের এল নিনো আবহাওয়া দেশটিতে আরও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 02:08 PM

Updated : 23 Jul 2023, 02:08 PM

তুমুল বৃষ্টির কারণে তীর উপচে ঢুকে পড়া নদীর পানি চীনের পূর্বাঞ্চলীয় শহর হাংঝৌর কাছের একটি গ্রামের অসংখ্য ঘর প্লাবিত করেছে, অনেক লোক ও তাদের জিনিসপত্র ভাসিয়ে নিয়ে গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, ২ জন এখনও নিখোঁজ, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বেইজিং ইয়ুথ ডেইলিতে প্রকাশিত ছবিতে দাইউয়ান এলাকার ওই গ্রামের রাস্তায় ঘোলাপানির পাশাপাশি বাড়িঘরে পানি ঢুকতে ও বন্যার পানিতে উল্টে যাওয়া গাড়ি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনে সাধারণত জুলাইয়ের শেষদিকে ভারি বৃষ্টিপাত হয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আঘাত হানা ঝড়গুলো তীব্র, আরও অপ্রত্যাশিত হয়ে উঠছে।

টানা বৃষ্টিতে শনিবার চীনের উত্তরপূর্বের কিছু এলাকাও ডুবে গেছে, কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের শস্যভাণ্ডার খ্যাত অঞ্চলটিতে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একাধিক শহর ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি দেখার পর কর্তৃপক্ষ লিয়াওনিং প্রদেশ থেকে প্রায় ৫ হাজার ৬০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।

কেবল প্রাদেশিক রাজধানী দালিয়ানের একটি জেলা এক ঘণ্টাতেই ৯৩ মিলিমিটার বৃষ্টি দেখেছে।

সিসিটিভিতে দেখানো ছবিতে উদ্ধারকর্মীদেরকে হাঁটুপানি পাড়ি দিয়ে, ভাসমান ডিঙ্গি নৌকার সাহায্যে কাজ চালিয়ে যেতে দেখা গেছে।

উপকূলীয় শহর হুলুদাও এবং জিনঝৌর আশপাশে প্রায় ৫৪ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের উত্তরপূর্বের কিছু অংশ মে ও জুনে ব্যাপক খরা দেখেছিল, সাম্প্রতিক বৃষ্টিপাতে সেখানকার পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে বলে শুক্রবার জানিয়েছে চীনা কৃষি মন্ত্রণালয়।

এ বছরের এল নিনো আবহাওয়া আরও দুর্যোগ নিয়ে আসবে বলেই আশঙ্কা করা হচ্ছে; তেমনটা হলে ভুট্টা ও সয়াবিনের মতো কিছু ফসলের জন্য ঝুঁকি থেকেই যাচ্ছে, বলেছে তারা।

আবহাওয়া পূর্বাভাসে রোববারও চীনের বেশিরভাগ অংশে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে; উত্তরপূর্বের কিছু অংশ, দক্ষিণাঞ্চলীয় জিয়াংসি ও ফুজিয়ান প্রদেশে তুমুল ঝড়বৃষ্টি এবং তীব্র বাতাস দেখা যেতে পারে, বলেছে তারা।