১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন স্থলপথে ইসরায়েল থেকে গাজায় যাচ্ছে জাতিসংঘ ত্রাণ

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ৬টি ট্রাক গাজা সীমান্ত বেড়ার একটি গেট অতিক্রম করেছে।

নতুন স্থলপথে ইসরায়েল থেকে গাজায় যাচ্ছে জাতিসংঘ ত্রাণ

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2024, 07:41 PM

Updated : 13 Mar 2024, 07:41 PM

জাতিসংঘ জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যে এই প্রথম নতুন একটি স্থলপথ ব্যবহার করে উত্তর গাজায় খাবার সরবরাহ করা হচ্ছে। গাজা সীমান্ত বরাবর একটি ইসরায়েলি সামরিক রাস্তা ব্যবহার করে এগুচ্ছে ত্রাাণবহর।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ৬টি ট্রাক গাজা সীমান্ত বেড়ার একটি গেট অতিক্রম করেছে।

গাজায় দুর্ভিক্ষ ঘনিয়ে আসার আগে আরও বেশি ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের ওপর বিশ্ব সম্প্রদায়ের চাপ বাড়তে থাকার মধ্যে মঙ্গলবার এই নতুন পথে ত্রাণ সরবরাহ করা হয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের ত্রাণ সমন্বয়ক জেমি ম্যাকগোল্ডারিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ডব্লিউএফপি ত্রাণবহর গাজা সীমান্ত বরাবর চলে যাওয়া সামরিক রাস্তা ধরে গাজার উত্তরে এগিয়েছে।

মঙ্গলবার দিনের শুরুতে ২৫ হাজার মানুষের জন্য যথেষ্ট খাবার গাজা সিটিতে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন ডব্লিউএফপি’র মুখপাত্র শাজা মঘরাবি।

২০ ফেব্রুয়ারির পর থেকে গাজায় এটিই প্রথম ত্রাণ সরবরাহ এবং এতে প্রমাণ হয়েছে যে,গাজায় স্থলপথে খাবার সরবরাহ করা সম্ভব।

মঘরাবি বলেন, “আমরা সরবরাহ বাড়ানোর আশা করছি। আমাদের বিশেষ করে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজার উত্তরাঞ্চলে নিয়মিত ত্রাণ নিয়ে প্রবেশ করা প্রয়োজন। আমাদের সরাসরি গাজার উত্তরে প্রবেশপথ থাকা প্রয়োজন।”

ডব্লিউএফপি’র ত্রাণ সরবরাহের আগে একটি দাতব্য সংস্থার দেওয়া ২০০ টন খাদ্য সহায়তা বহনকারী একটি জাহাজও মঙ্গলবার সাইপ্রাস থেকে গাজায় রওনা দিয়েছে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি নতুন সামুদ্রিক করিডোরের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার ত্রাণবাহী জাহাজটি গাজার কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে সমুদ্রপথের চেয়ে স্থলপথেই সবচেয়ে তাড়াতাড়ি গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব।

জাতিসংঘ বলেছে, ডব্লিউএফপি ত্রাণবহর গাজা সীমান্তে ইসরায়েলের সামরিক সড়ক ব্যবহার করে উত্তর গাজায় ২৫ হাজার মানুষের জন্য যথেষ্ট খাবার পৌঁছতে সক্ষম হয়েছে।

এই ত্রাণ যাওয়ার আগে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা দক্ষিণ গাজার সাতে কেরাম শালোম ক্রসিংয়ে লরিগুলো পরীক্ষা করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

জাতিসংঘ বলছে, গাজার অন্তত ৫৭৬,০০০ মানুষ- যা মোট জনসংখ্যার এক চতুর্থাংশ- দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে আছে।