২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের গোলাবর্ষণে ৭ বেসামরিক নিহত হওয়ার অভিযোগ রাশিয়ার

রাশিয়াপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্ক শহরটির অবস্থান যুদ্ধক্ষেত্রের খুব কাছে হওয়ায় নিয়মিতভাবে ইউক্রেইনীয় বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়।

ইউক্রেইনের গোলাবর্ষণে ৭ বেসামরিক নিহত হওয়ার অভিযোগ রাশিয়ার

দোনেৎস্কে ইউক্রেইনীয় বাহিনীর গোলাবর্ষণে বেশ কয়েকজন হতাহত হওয়ার পর নিহতদের লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছেন এক নারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 02:09 PM

Updated : 07 Apr 2023, 02:09 PM

ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইউক্রেইনীয় বাহিনীর পৃথক গোলাবর্ষণে মোট সাত বেসামরিক নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দোনেৎস্কের একটি কার পার্কে গোলার আঘাতে চার বেসামরিক নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

পরে রুশ বার্তা সংস্থা আরআইএস জানায়, ইউক্রেইনীয়দের ছোড়া গোলার আঘাতে দোনেৎস্ক থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরপূর্বে লিসিচানস্কে একটি বাসস্টপে তিন বেসামরিক নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এসব প্রতিবেদন স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। রয়টার্স আরও জানায়, এ বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুরোধ জানানো হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

দোনেৎস্ক একই নামের ইউক্রেইনীয় প্রদেশটির রাজধানী। ২০১৪ সাল থেকেই শহরটি ইউক্রেইনের রাশিয়াপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু শহরটির অবস্থান যুদ্ধক্ষেত্রের খুব কাছে হওয়ায় নিয়মিতভাবে ইউক্রেইনীয় বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়।