২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধে ৪০ বছরের পুরোনো গোলা ব্যবহারে ঝুঁকছে রাশিয়া

পশ্চিমারা প্রতিরোধ যুদ্ধের জন্য ইউক্রেইনকে অস্ত্রের যোগান দিলেও রাশিয়াকে নিজেদের অস্ত্রেই যুদ্ধ করতে হচ্ছে।

ইউক্রেইন যুদ্ধে ৪০ বছরের পুরোনো গোলা ব্যবহারে ঝুঁকছে রাশিয়া

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 13 Dec 2022, 09:58 PM

Updated : 13 Dec 2022, 09:58 PM

ইউক্রেইন যুদ্ধের কারণে দ্রুত ফুরিয়ে আসছে রাশিয়ার গোলাবারুদের ভাণ্ডার। এ অবস্থায় দেশটি তাদের চার দশক পুরানো গোলাবারুদ ব্যবহরের দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা।

নাম প্রকাশে ‍অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘‘তারা রাশিয়ায় তাদের অস্ত্রের পুরাতন ভাণ্ডার থেকে গোলাবারুদ আনছে। যা ইঙ্গিত করছে তারা পুরনো ওইসব গোলাবারুদ ব্যবহার করতে যাচ্ছে। সেগুলোর মধ্যে কিছু ৪০ বছরের বেশি সময় আগে তৈরি।”

ইউক্রেইন যুদ্ধের বয়স ১০ মাস হতে চলেছে। এই সময়ে পশ্চিমারা প্রতিরোধ যুদ্ধের জন্য ইউক্রেইনকে অস্ত্রের যোগান দিলেও রাশিয়াকে নিজেদের অস্ত্রেই যুদ্ধ করতে হচ্ছে।

ফলে তাদের অস্ত্র-গোলাবারুদের ভাণ্ডারে টান পড়েছে। রাশিয়া আস্ত্রের জন্য এখন ইরান ও উত্তর কোরিয়ার দিকে ঝুঁকছে বলেও অভিযোগ যুক্তরাষ্ট্রের।

রাশিয়ার কাছে এখন সম্পূর্ণ সক্রিয় যে অস্ত্রভাণ্ডার রয়েছে আগামী বছরের শুরু নাগাদ তা শেষ হয়ে যাবে বলেন মনে করেন ওই মার্কিন কর্মকর্তা। তাই বিদেশ থেকে তাদের অস্ত্রের যাগান নিতে হবে এবং পুরনো অস্ত্রভাণ্ডারেও হাত দিতে হবে।

তিনি বলেন, ‘‘রাশিয়া যে হারে তাদের পুরোপুরি পরিষেবাযোগ্য কামান ও রকেটের গোলাবারুদ ব্যবহার করছে, আমরা হিসাব করে দেখেছি, তাতে তারা ২০২৩ সালের শুরু পর্যন্ত চলতে পারবে।”

পুরাতন গোলাবারুদ ব্যবহার করা ঝুঁকিপূর্ণ বলেও মনে করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘‘ওই গোলাবারুদ ব্যবহার করার সময় আপনাকে প্রার্থনা করতে হবে যেন সেটি ঠিকমত নিক্ষেপ করা যায় এবং পড়ার পর সেটি যেন বিস্ফোরিত হয়।”

যুক্তরাষ্ট্র ও ইউক্রেইনের দাবি, ইরান রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহ করেছে। যেগুলো ব্যবহার করে ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে রাশিয়া।

সেইসঙ্গে মস্কো ইরানের কাছ থেকে কয়েকশ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা করছে। যার পরিবর্তে তারা তেহরানকে নজিরবিহীন সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে শুক্রবার জাতিসংঘে এক বক্তৃতায় দাবি করেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড।

তিনি বলেন, যুক্তরাজ্য অনেকটা ‘নিশ্চিত যে, রাশিয়া উত্তর কোরিয়া এবং নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশের কাছ থেকে অস্ত্র পাওয়ার চেষ্টা করছে। যেহেতু তাদের অস্ত্রভাণ্ডার সম্ভবত ফুরিয়ে আসছে’।

ইরান গত মাসে স্বীকার করেছে, তারা মস্কোকে ড্রোন সরবরাহ করেছে। কিন্তু বলেছে, তারা সেগুলো ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার আগে পাঠিয়েছে।

ক্রেমলিন থেকে ইউক্রেইন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহারের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা উত্তর কোরিয়া থেকে অস্ত্রের যোগান পাওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছে।