২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাইমিয়ার সেতুতে হামলায় ঘটনায় আটক ৮, ইউক্রেইনে ফের বিস্ফোরণ

রাশিয়ার এফএসবি নিরাপত্তা বিভাগ জানিয়েছে, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে পাঁচ জন রুশ, বাকিরা ইউক্রেইনীয় ও আর্মেনীয়।

ক্রাইমিয়ার সেতুতে হামলায় ঘটনায় আটক ৮, ইউক্রেইনে ফের বিস্ফোরণ

বিস্ফোরণে ক্রাইমিয়ার কের্চ সেতুর যানবাহন চলাচলের একটি অংশ ধসে পড়ে আর সংলগ্ন রেল সেতুতে থাকা একটি জ্বালানিবাহী ট্রেনের কয়েকটি বগিতে আগুন ধরে যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 03:51 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী কের্চ সেতুতে বিস্ফোরণের ঘটনায় জড়িত আট ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে রাশিয়া। এদিকে ইউক্রেইনের কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাশিয়ার এফএসবি নিরাপত্তা বিভাগ জানিয়েছে, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে পাঁচ জন রুশ, বাকিরা ইউক্রেইনীয় ও আর্মেনীয়।

কের্চ সেতুতে হামলার পেছনে ইউক্রেইনের গোয়েন্দা সংস্থাগুলো আছে বলে অভিযোগ এফএসবির।

ইউক্রেইনের খেরসন, জাপোরিজিয়া ও নিকোপোল শহরে বিস্ফোরণের খবরের মধ্যে কের্চ সেতুর হামলায় জড়িতদের গ্রেপ্তারের সংবাদ আসে বলে বিবিসি জানিয়েছে।  

ইউক্রেইনের রাজধানী কিইভ থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, খেরসন শহরে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এটি রাশিয়ার দখলে থাকা অন্যতম বড় শহর। এই শহরের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করা হয়েছে বলে অসমর্থিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

কী থেকে বিস্ফোরণগুলো ঘটেছে সেটি পরিষ্কার ছিল না বলে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন।  

রাশিয়া ক্রাইমিয়াকে অন্তর্ভুক্ত করার চার বছর পর ২০১৮ সালে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কের্চ সেতু উদ্বোধন করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সেতুতে বিস্ফোরণ পুতিনের জন্য একটি ‘প্রতীকী ধাক্কা’ বলে মন্তব্য বিবিসির।

এ ঘটনার প্রতিশোধ হিসেবে সোমবার কিইভসহ ইউক্রেইনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। তাতে মোট ১৯ জন নিহত ও ইউক্রেইনের বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এরপর মঙ্গলবার দেশটির বিভিন্ন এলাকায় আরও হামলা চালানো হয়।

‘সন্ত্রাসের নতুন ঢেউয়ের’ প্রতিক্রিয়ায় আরও নিষেধাজ্ঞা জারি করে রাশিয়াকে ‘আঘাত করার’ আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

রাশিয়ার ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করতে নতুন পথ খুঁজে বের করার জন্য এবং ইউক্রেইনকে সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জি৭ গোষ্ঠীর দেশগুলোর সঙ্গে জরুরি অনলাইন বৈঠকের পর এ আহ্বান জানান তিনি।

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত এ ব্লক ইউক্রেইনকে ‘যতদিন দরকার ততদিন অথনৈতিক, মানবিক, সামরিক, কূটনৈতিক ও আইনি’ সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নেটো জানিয়েছে, তারা যতদিন দরকার হয় ইউক্রেইনের পাশে থাকবে।

এদিকে পোল্যান্ডের পাইপলাইন পরিচালনাকারী কোম্পানি পার্ন জানিয়েছে, রাশিয়া থেকে ইউরোপে তেল বহন করে নিয়ে যাওয়া দ্রুজবা সিস্টেমের একটি পাইপলাইনে ছিদ্র শনাক্ত হয়েছে।  

সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে ইউরোপের গ্যাস বহন করে নিয়ে যাওয়া নর্ড স্ট্রিম পাইপলাইনে কয়েকটি ছিদ্র পাওয়া যাওয়ার পর এবার দ্রুজবা সিস্টেমের পাইপলাইনে ছিদ্র শনাক্ত হওয়ার কথা জানা গেল। নর্ড স্ট্রিম পাইপলাইনের ঘটনার জন্য ব্যাপকভাবে নাশকতাকে দায়ী করা হয়েছে।

মস্কো ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করার পর ইউরোপ রাশিয়ার তেল-গ্যাসের ওপর নির্ভরতা থেকে সরে আসার চেষ্টা করছে, কিন্তু এটি করতে গিয়ে মারাত্মক জ্বালানি সংকটে পড়েছে মহাদেশটি।

ক্রেমলিনের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টায় ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

পার্ন জানিয়েছে, পাইপলাইনে কীভাবে ছিদ্র হয়েছে তা জানে না তারা। পোল্যান্ডের মধ্যাঞ্চলীয় শহর পুওজস্ক্ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে পাইপলাইনের একটি অংশে ছিদ্রটি শনাক্ত হয়েছে।       

আরও পড়ুন:

পুরনো খবর:

নিরাপত্তা জোরদার করছে নেটো, বেলারুশকে জি৭-এর হুঁশিয়ারি
পশ্চিমাদের সঙ্গে আলোচনায় প্রস্তুত, গুরুত্বপূর্ণ প্রস্তাবের অপেক্ষায় রাশিয়া: ল্যাভরভ