২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ‍কোরিয়ার উপর আরও নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: নিরাপত্তা উপদেষ্টা

উত্তর কোরিয়ার নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং নতুন পরমাণু অস্ত্র পরীক্ষার ইঙ্গিতের মুখে এ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্কিন উপদেষ্টা জ্যাক সুলিভান।

উত্তর ‍কোরিয়ার উপর আরও নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: নিরাপত্তা উপদেষ্টা

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 01 Dec 2022, 09:16 PM

Updated : 01 Dec 2022, 09:16 PM

নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং নতুন পরমাণু অস্ত্রের সম্ভাব্য পরীক্ষার ইঙ্গিত দেওয়ার জেরে উত্তর কোরিয়ার উপর নতুন করে আরো বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি ভিডিও লিংকের মাধ্যমে সম্মেলনে যুক্ত হয়েছিলেন।

সুলিভান বলেন, ‘‘সামনে আমাদের নতুন এক গুচ্ছ নিষেধাজ্ঞা আসছে, যেমনটা আমরা বলেছিলাম।”

নিষেধাজ্ঞাগুলো কী ধরনের হতে পারে যে বিষয়ে সুলিভান বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলেন, চাপ প্রয়োগ এবং কূটনৈতিক পথ ব্যবহার করে উত্তর কোরিয়াকে তাদের পরমাণু অস্ত্রের অগ্রগতির কাজ থেকে সরিয়ে আনতে ওয়াশিংটন প্রতিশ্র্রুতিবদ্ধ।

সুলিভান আরও বলেন, উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি হল কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত রাখা এবং ওয়াশিংটন এই লক্ষ্যে অবিচল রয়েছে। কীভাবে সেই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে অংশীদারদের সঙ্গে নমনীয় থেকে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।

বাইডেনের এই নীতি ‘নর্থ স্টার’ নামে পরিচিত। প্রতিপক্ষকে নিজেদের শক্তি প্রদর্শন করতে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া বাড়িয়েছে।