ক্যাম্বোডিয়ার নির্বাচন: ভোটের নামে হল হুন মানেটের রাজ্যাভিষেক
ঠিক মত ছাপ না দিয়ে ব্যালট নষ্ট করার মাধ্যমে অনেক ভোটার প্রহসনের এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
ছিল না শক্তিশালী কোনও বিরোধী পক্ষ। তাই রোববারের জাতীয় নির্বাচনে একতরফাভাবেই জিতে গেছে ক্যাম্বোডিয়ার ক্ষমতাসীন দল ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। তবে বিরোধীরা একে নির্বাচন নয় বরং প্রধানমন্ত্রী হুন সেনের বড় ছেলে হুন মানেটের রাজ্যাভিষেক বলছেন।
তাদের এমনটা বলার কারণ রয়েছে। এবারের জাতীয় নির্বাচনে সিপিপি-র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ১৭টি দল। কিন্তু সেগুলো এতই ক্ষুদ্র এবং অখ্যাত দল যে তাদের কারও পক্ষে, এমনকি সব দল একজোট হলেও সিপিপি-কে চ্যালেঞ্জ করার সক্ষমতা ছিল না। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এ দলগুলো পার্লামেন্টে কোনও আসনে জেতেনি।
একটি মাত্র বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টি, এ দলটিরই কেবল হুন সেনের দল সিপিপি-কে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা ছিল। কিন্তু নানা কৌশল ও আইনের মারপ্যাচে ফেলে গত মে মাসে দলটিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
৩৮ বছর ধরে ক্যাম্বোডিয়া শাসন করে আসছেন সাবেক খেমার রুজ গেরিলা হুন সেন। তার বয়স এখন ৭০ বছর। এই বয়সে দেশ পরিচালনা কষ্ট সাধ্য এবং অবশ্যই ঝুঁকিপূর্ণও বটে।
এ কারণে গত বেশ কয়েকবছর ধরেই বড় ছেলে হুন মানেটের জন্য মঞ্চ প্রস্তুত করেছেন তিনি। এবারের নির্বাচনে জিতে হুন মানেটের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি তিনি আগেই দিয়ে রেখেছিলেন। যার মধ্য দিয়ে হুন পরিবারের হাতেই ক্যাম্বোডিয়ার ক্ষমতা থেকে যাওয়া নিশ্চিত হচ্ছে।
ক্যাম্বোডিয়ায় দীর্ঘ শাসনামলে বিরোধী দলগুলোর উপর চরম নির্দয় আচরণ করেছেন প্রধানমন্ত্রী হুন সেন। তার দলের দমনপীড়নে বাকি দলগুলোকে অস্তিত্বহীন হয়ে পড়তে হয়েছে।
ছেলের হাতে ক্ষমতা হস্তান্তরের পথ নির্বিঘ্নে সব বাধা অপসারণেও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। রোববার ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিপিপি তাদের বড় বিজয়ের প্রত্যাশার কথা জানায়। ৮০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন বলে জানা গেছে।
তবে কয়েকটি ভোটকেন্দ্রে বিপুল পরিমাণ ব্যালট নষ্ট হতে দেখা গেছে। যেহেতু যোগ্য কাউকে ভোট দেওয়ার সুযোগ নেই, তাই হয়ত ভোটাররা এভাবে ব্যালট নষ্ট করে প্রতিবাদ জানিয়েছেন।
স্বেচ্ছা নির্বাসনে থাকা বিরোধী নেতা স্যাম রেইনজি ভোটের আগে জনসাধারণকে প্রতিবাদ জানাতে ব্যালট নষ্টের আহ্বান জানান। যে কারণে কর্তৃপক্ষ তার ও তার ১৬ মিত্রের ভোটদান ও নির্বাচনে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
কয়েক সপ্তাহের মধ্যে হুন মানেট তার বাবার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলেছে। তাই অনেকে এটা নির্বাচন নয় বরং একে রাজ্যাভিষেক বলতে চাইছেন।
স্বেচ্ছা নির্বাসনে থাকা দেশটির সাবেক মন্ত্রী এবং সিএনআরপি দলের সদস্য মু সোচুয়া বলেন, “আমার মনে হয়, আমরা এমনকী এটিকে লজ্জাজনক নির্বাচন বলতেও পারব না।
“বরং আমরা এটিকে ‘বাছাই করা’ বলতে পারি, হুন সেনের জন্য, যিনি এটা নিশ্চিত করতে চেয়েছেন যে, তার দল যেন তার ছেলেকে ক্যাম্বোডিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়; যাতে হুন পরিবারের রাজত্ব অব্যাহত থাকে।”
হুন সেন সরকার ২০১৭ সালে সিএনআরপিকে ক্যাম্বোডিয়ায় নিষিদ্ধ ঘোষণা করে। ৪৫ বছরের হুন মানেট খুব বেশি সাক্ষাৎকার দেননি, তাই এক কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ ক্যাম্বোডিয়া নিয়ে তার চিন্তাভাবনা কী, সে বিষয়েও স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায় না।
নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নেওয়া মানেট ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমিতেও পড়াশোনা করেছিলেন। যা তাকে ক্যাম্বোডিয়ার সেনাপ্রধান ও সশস্ত্র বাহিনীর উপ-প্রধান হওয়ার পথে সহায়তা করে।
তিনি শেষ পর্যন্ত বাবার মতো কর্তৃত্ববাদী শাসনে দেশ চালানোর পথ বেছে নেবেন, নাকি উদারনীতি ও পশ্চিমা গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেবেন, সেদিকেই চেয়ে থাকবে বিশ্বের বড় বড় পরাশক্তির দেশগুলো।
হুন সেনের সময়ে কম্বোডিয়া যেভাবে চীনের ছায়াতলে আছে, তার ছেলে তা থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রের হাত ধরতে চাইবেন কিনা, তার ওপরও অনেকের নজর থাকবে।
