২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন কিনতে ভারতকে তাগাদা দিচ্ছে যুক্তরাষ্ট্র

২২ জুন হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর বৈঠক হওয়ার কথা। তার আগেই ড্রোন ক্রয়ের চুক্তির চূড়ান্ত করার তাগাদা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

ড্রোন কিনতে ভারতকে তাগাদা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 14 Jun 2023, 10:18 PM

Updated : 14 Jun 2023, 10:18 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের আগে দিয়ে ড্রোন কিনতে নয়াদিল্লিকে তাগাদা দিচ্ছে বাইডেন প্রশাসন।

ভারতের লাল ফিতার দৌরাত্ম্য কাটিয়ে এবং কয়েক ডজন যুক্তরাষ্ট্র-নির্মিত সশস্ত্র ড্রোন ক্রয়ের  জন্য চুক্তি এগিয়ে নিতে তাগাদা দিচ্ছে ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্র রয়টার্সকে একথা জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় সশস্ত্র ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করে আসছে মোদী সরকার। কিন্তু আমলাতিন্ত্রক জটিলতার কারণে সিগার্ডিয়ান ড্রোন ক্রয়ের চুক্তিটি এখনও হতে পারেনি। এ ধরনের ড্রোনের মূল্য হতে পারে ২০০ থেকে ৩০০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের আলোচকরা আশা করছেন, মোদীর হোয়াইট হাউজ সফরকালে এ অচলাবস্থা ভাঙবে। আগামী ২২ জুন যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে মোদীর।

দুই সূত্র জানিয়েছে, মোদীর সফরের তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়, প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও হোয়াইট হাউজ ভারতকে ৩০টি সশস্ত্র এমকিউ-৯বি সিগার্ডিয়ান ড্রোন ক্রয়ের চুক্তির বিষয়ে অগ্রগতি দেখানোর তাগিদ দিয়ে এসেছে। এসব ড্রোন তৈরি করেছে জেনারেল অ্যাটোমিকস।

ভারতের প্রধানমন্ত্রী মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গোলাবারুদ ও স্থলযানের যৌথ উৎপাদন নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছে ওই দুই সূত্র।

ড্রোন কেনা নিয়ে আলোচনার বিষয়ে হোয়াইট হাউজ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগনের মুখপাত্ররা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবেলায় ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করাকে বাইডেন তার নীতির ভিত্তিমূল করেছেন।

এবছর তিনি অত্যাধুনিক সামরিক প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের দুটি বৃহত্তম গণতান্ত্রিক দেশের মধ্যকার সহযোগিতার দিকে বিশেষভাবে মনোনিবেশ করেছেন। যদিও দেশ দুটির মধ্যে আনুষ্ঠানিক নিরাপত্তা জোটের ঘাটতি আছে।

তবে গত সপ্তাহ পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়টি ড্রোন কেনা হবে সে সংখ্যা নির্ধারণ করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র।

এর আগে এ সংখ্যা ৩০টি হতে পারে বলে জানা গিয়েছিল। পরে তা কমিয়ে ২৪ করা হয়। গত মাসে এ সংখ্যা আরও কমিয়ে করা হয় ১৮। তবে কোনও সংখ্যাই এখনও চূড়ান্ত নয় বলে কয়েকটি সূত্রে জানা গেছে।

ভারত দেশের ভেতরেই উৎপাদন করা সরঞ্জাম চাইছে। এতে ড্রোন ক্রয়ের কোনও চুক্তি হওয়া জটিল হয়ে পড়তে পারে।