‘হিন্দি বলায়’ চাকরিচ্যুত, যুক্তরাষ্ট্রের ফার্মের বিরুদ্ধে মামলা
মার্কিন প্রতিরক্ষা ফার্মটিতে ১০ বছর ধরে কাজ করেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এক প্রকৌশলী।
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এক প্রকৌশলী যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা কোম্পানির বিরুদ্ধে অফিসে ‘হিন্দি বলায়’ তাকে চাকরিচ্যুত করা হয়েছে অভিযোগে মামলা করেছেন।
বিবিসি জানায়, আলাবামা কোর্টে মামলা করা অনিল ভার্শনি পারসন্স কর্পোরেশন এর বিরুদ্ধে ‘বেআইনি বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণের’ অভিযোগ করেছেন।
অনিলের ভাষ্য, অফিসে বসে তিনি ভারতে মৃত্যুশয্যায় থাকা তার একজন স্বজনের সঙ্গে কথা বলছিলেন। সে সময় তার একজন সহকর্মী সেটা শুনতে পেয়ে তার বিরুদ্ধে ‘নিরাপত্তা বিধি’ লঙ্ঘনের মিথ্যা অভিযোগ করেন।
এদিকে পারসন্স কর্পোরেশন অনিলের অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে, “অনিল ভার্শনি বেশ কয়েকবার নিরাপত্তা বিধি লঙ্ঘন করায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি সরকার-নিয়ন্ত্রিত একটি ওয়ার্কসাইটে তার ব্যক্তিগত ফোনে থাকা যোগাযোগের অ্যাপ ‘ফেসটাইম’ ব্যবহার করেছেন। তিনি অতীতে আরও এমন কিছু নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছেন যেগুলো করার উপর নিষেধ আছে এবং জাতীয় নিরাপত্তার উপর হুমকি স্বরূপ।”
‘তার একের পর এক অনুপযুক্ত আচরণ’ কোম্পানি এবং সরকার উভয়ের নিয়মের লঙ্ঘন। বিবিসি জানায়, মামলার নথি অনুযায়ী, ৭৮ বছরের অনিল ভার্শনি ২০১১ সালের জুলাই থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত পারসন্স এ কর্মরত ছিলেন।
অনিল তার অভিযোগে বলেন, ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অফিসে একটি ফাঁকা ডেস্কে বসে ‘তার স্ত্রীর মৃত্যুশয্যায় থাকা এক ভাইরের সঙ্গে মাত্র দুই মিনিট কথা বলেছেন’। সে সময় একজন সহকর্মী তাকে দেখে ফেলেন এবং তার বিরুদ্ধে কোম্পানি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
তিনি বলেন, “ফোন করার আগে আমি চারপাশ দেখে এটা নিশ্চিত হয়ে নিয়েছিলাম যে, আমার আশে পাশে গোপনীয় কোনো কিছু বা এমন কিছু যা এমডিএ বা পারসন্সের কাজের সাথে সম্পর্কিত তার কিছুই যেনো না থাকে।
“অফিসে ফোনে কথা বলা যাবে না-এমন কোনো নীতি তাদের ছিল না। এমনকি কোনো ধরনের তদন্ত ছাড়াই কোম্পানি আমার বিরুদ্ধে গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ তুলে আমাকে অক্টোবরে বরখাস্ত করে।”
তবে সবথেকে খারাপ বিষয় হলো ভবিষ্যতে তিনি যেনো আর (এমডিএ) তে কাজ করার সুযোগ না পান তাই তাকে কালো তালিকাভুক্ত করা হয়।
তিনি বলেন, “যে কারণে আমার ক্যারিয়ার এবং এমডিএ ও যুক্তরাষ্ট্র সরকারক দেওয়া আমার আজীবনের সেবা ধূলিসাৎ হতে চলেছে।”
