নাট-বল্টু থেকে সেফটি পিন, কী ছিল না তার পেটে
লোকটি দুই বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন।
দীর্ঘদিন ধরে পেটব্যথা নিয়ে ছটফট করা এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে যা মিলেছে, তা দেখে ভড়কে গেছেন চিকিৎসকরা।
ভারতের ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পেট থেকে বৃহস্পতিবার ইয়ারফোন, লকেট, স্ক্রু, নাট-বল্টু আর রাখিসহ প্রায় শখানেক ধাতব জিনিসপত্র বের করেছেন তারা।
দুদিন ধরে বমিবমি ভাব আর প্রচণ্ড জ্বর ও পেটব্যাথা নিয়ে পাঞ্জাবের মোগা শহরের মেডিসিটি হাসপাতালে গিয়েছিলেন ওই ব্যক্তি। পেটব্যথা কোনোভাবেই না কমায় এক্স-রে করা হয়। ফলাফল দেখে বিভ্রান্তিতে পড়ে যান চিকিৎসকরা।
এক্স-রে স্ক্যানে চিকিৎসকরা রোগীর পেটে অনেকগুলো ধাতব বস্তু শনাক্ত করেন। পরে দীর্ঘ তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে পেট থেকে ইয়ারফোন, ওয়াশার, নাট-বল্টু, তার, রাখি, লকেট, বোতাম, মোড়ক কাগজ, চুলের ক্লিপ, জিপার ট্যাগ, মার্বেল ও সেফটি পিনসহ প্রায় শখানেক জিনিসপত্র বের করে আনেন তারা।
মেডিসিটি হাসপাতালের চিকিৎসক আজমের কালরা বলেন, এই প্রথম এমন ঘটনার সাক্ষী হয়েছেন তারা। লোকটি দুই বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। পরে তার পেট থেকে সমস্ত জিনিসপত্র বের করা হয়। তবে তার অবস্থা এখনও স্থিতিশীল নয়। দীর্ঘদিন ধরেই তিনি এসব পেটে বয়ে বেড়াচ্ছিলেন।
নাট-বল্টু দেখে হতবাক ওই ব্যক্তির স্বজনরাও। কীভাবে তিনি এসব গিলেছিলেন তাও জানা নেই। তবে তিনি মানসিকভাবে অসুস্থ বলে স্বজনদের ভাষ্য।
ওই ব্যক্তির বাবা-মা জানান, হাসপাতালে ভর্তির আগের দিন তার পেটে ব্যথা হচ্ছিল। ঘুমাতে পারছিলেন না। হাসপাতালে নিয়ে পেটে এসব আবিষ্কারের আগে বেশ কয়েকজন চিকিৎসকের কাছেও গিয়েছিলেন। তবে সেসময় কোনো কারণ জানা যায়নি। সংবাদসূত্র: এনডিটিভি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
