২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফ-১৬ দিয়ে রাশিয়াকে পরাস্ত করা যাবে, বিশ্বাস জেলেনস্কির

ডেনমার্ক এবং নেদারল্যান্ডস রোববার ইউক্রেইনে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহের ঘোষণা দেয়।

এফ-১৬ দিয়ে রাশিয়াকে পরাস্ত করা যাবে, বিশ্বাস জেলেনস্কির

ছবি: রয়টার্স।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 10:49 PM

Updated : 21 Aug 2023, 10:49 PM

ইউক্রেইনকে এফ–১৬ জঙ্গিবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

এ ঘোষণার পর সোমবার ডেনমার্কে এক জনসমাবেশে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি এই এফ-১৬ সরবরাহের প্রতিশ্রুতিতে তার বিশ্বাস জেগে ‍উঠেছে যে, ইউক্রেইন এবার রাশিয়ার আগ্রাসনের ইতি ঘটাতে পারবে।

ডেনমার্ক এবং নেদারল্যান্ডস রোববারই এই এফ-১৬ সরবরাহের ঘোষণা দিয়েছে। জেলেনস্কির কোপেনহেগেন সফরের আগেই যুক্তরাষ্ট্র এই জঙ্গিবিমান ইউক্রেইনে সরবরাহের অনুমোদন দিয়েছিল।

এরপর সোমবার ডেনমার্কের পার্লামেন্টের বাইরে সমবেত মানুষের উদ্দেশে এক বক্তব্যে জেলেনস্কি বলেন, “আজ আমরা আস্থাশীল যে রাশিয়া এ যুদ্ধে হারবে।”

রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এফ-১৬ সরবরাহের সিদ্ধান্ত ইউক্রেইনে চলমান যুদ্ধের তীব্রতা বাড়াবে। প্রায় ১৮ মাস ধরে চলে আসছে যুদ্ধ।

ইউক্রেইনের ভূখন্ডের প্রায় একপঞ্চমাংশ দখল করে নিচ্ছে রাশিয়া বাহিনী। আর ইউক্রেইন বাহিনী তাদেরকে পিছু হটাতে লড়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে ডেনমার্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির বারবিন বলেছেন, বাস্তবতা হচ্ছে, ডেনমার্ক এখন ইউক্রেনকে ১৯টি এফ-১৬ বিমান দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সংঘাত বাড়াবে।

ডেনমার্ক মোট ১৯টি যুদ্ধবিমান ইউক্রেইনকে সরবরাহ করবে। ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী জ্যাকব এলেম্যান-জেনসেন বলছেন, এফ-১৬ ইউক্রেইন কেবল নিজ ভূখণ্ডে ব্যবহার করতে পারে।

তিনি বলেন, “আমরা যে শর্তে ইউক্রেইনকে অস্ত্র সরবরাহ করছি তা হল, এগুলো কেবল তাদের ভূখণ্ড থেকে শত্রুদের বিতাড়িত করতে ব্যবহার হবে। এর চেয়ে বেশি কিছু নয়। এগুলোই শর্ত। যুদ্ধবিমান কিংবা অন্যকিছুর ক্ষেত্রেও এ শর্ত প্রযোজ্য।

নেদারল্যান্ডসের কাছে সব মিলিয়ে ৪২টি এফ-১৬ রয়েছে। তবে সবগুলো ইউক্রেইনকে দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত এখনও হয়নি। তবে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি এঅ-১৬ সরবরাহের প্রতিশ্রুতিকে সমস্যার এক গুরুতর সমাধান বলে অভিহিত করেছেন।

 জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে অনেক দিন ধরেই আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছিলেন। কিন্তু নানাদিক বিবেচনায় বিষয়টি এড়িয়ে আসছিল মিত্ররা। পরে ইউক্রেইন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করলে এফ-১৬ সরবরাহের বিষয়টি গুরুত্ব পায়।