তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর চীনে দূতাবাস খুলেছে হন্ডুরাস
এবছরের শুরুতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর হন্ডুরাস এ পদক্ষেপ নিল।
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস রোববার চীনে দূতাবাস খুলেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। এবছরের শুরুতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর হন্ডুরাস এ পদক্ষেপ নিল।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে দূতাবাস উদ্বোধন করেছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
গত মার্চ মাসে হন্ডুরাস সরকার তাইওয়ানের সঙ্গে কয়েক দশকের সম্পর্কের অবসান ঘটিয়ে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
চীনের গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং অন্য রাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সরাসরি সম্পর্ক রাখার অধিকার নেই বলে মনে করে।
অন্যদিকে, তাইওয়ান নিজেদের স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র বলেই মনে করে। চীন চায়, তাদের সঙ্গে যেসব মিত্র দেশের সম্পর্ক আছে তারা চীনের অবস্থানকেই স্বীকৃতি দিক।
তাইওয়ানের সঙ্গে এখন মাত্র ১৩টি দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক আছে। এর বেশির ভাগই মধ্য আমেরিকা, ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গরিব ও উন্নয়নশীল দেশ।
