রুশ সংশ্লিষ্টতায় ‘বিপাকে’ ভারতীয় তেল শোধনাগার
রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভারতের তেল শোধনাগার নায়ারা এনার্জিও পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়তে পারে আশঙ্কায় এ কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে আন্তর্জাতিক অনেক তেল ব্যবসায়ী এবং ব্যাংক।
রুশ সংশ্লিষ্টতার জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে আশঙ্কায় আন্তর্জাতিক অনেক তেল ব্যবসায়ী এবং ব্যাংক ভারতের দ্বিতীয় বৃহৎ ব্যক্তিমালিকানাধীন তেল শোধনাগার ‘নায়ারা এনার্জি’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
এ বিষয়ে ওয়াকিবহাল নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনের আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার জ্বালানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নায়ারা এনার্জি অবশ্য নিষেধাজ্ঞার আওতায় নেই। কিন্তু কোম্পানিটির ৪৯ শতাংশ শেয়ারের মালিক রাশিয়ার এনার্জি জায়ান্ট ‘রোজনেফত’। রোজনেফতের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে।
আর কেসানি এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড বাকি ৪৯ দশমিক ১৩ শতাংশ শেয়ারের মালিক। কেসানি এন্টারপ্রাইজ আবার ট্রাফিগুরা গ্রুপ ও রাশিয়ার ইউসিপি ইনভেস্টমেন্ট গ্রুপের একটি সহায়ক কোম্পানি।
এক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, ভিটোল এবং গ্লেনকোর সহ বেশিরভাগ ট্রেডিং ফার্ম এবং কানাডা, লাতিন আমেরিকা ও ইউরোপের তেল উৎপাদনকারীরা ভারতের নায়ারার কাছে সরাসরি অপরিশোধিত তেল (ক্রুড) বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে।
যার ফলে নায়ারাকে এখন রাষ্ট্র পরিচালিত মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী, চীনা ট্রেডার এবং ওইসব কোম্পানি যারা রাশিয়ার তেল সরবরাহ করে তাদের উপর নির্ভর করতে হচ্ছে। পাশপাশি তারা ভারতীয় অপরিশোধিত তেল উৎপাদনকারীদের কাছ থেকেও তেল কিনছে।
ভারতের পশ্চিমের রাজ্য গুজরাটে অবস্থিত নায়ারা এনার্জি প্রতিদিন চার লাখ ব্যারেল তেল শোধন করতে সক্ষম।
নিয়মিত যোগানদাতাদের কাছ থেকে তেল কিনতে না পারায় নায়ারা এনার্জির জন্য ‘দিন দিন পরিস্থিতি জটিল হয়ে উঠছে’, বলেন ওই ব্যক্তি।
নায়ারা এনার্জির সঙ্গে ব্যবসা করতে রাজি নয় এমন ট্রেডিং ফার্ম, কোম্পানি ও ব্যাংকের কাছে ইমেইল পাঠিয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। কিন্তু তাদের কেউই ইমেইলের জবাব দেয়নি।
ভারতের মোট সক্ষমতার ৮ শতাংশ তেল শোধন হয় নায়ারা এনার্জির শোধনাগারে।
নায়ারার পক্ষ থেকে ইমেইলে এক বিবৃতিতে বলা হয়, সাপ্লাইয়ারদের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তারা বিভিন্ন সাপ্লাইয়ারদের সঙ্গে কাজ করেন এবং অপরিশোধিত তেল কেনার জন্য তাদের উপযুক্ত চুক্তি রয়েছে।
‘‘দীর্ঘ ও স্বল্পমেয়াদের চুক্তিকে সম্মান জানানো ছাড়াও, আমাদের সাপ্লাইয়াররা নানা রকম প্রস্তাব দিচ্ছে এবং আমরা প্রতিযোগিতামূলক শর্তে স্পট বেসিসে অপরিশোধিত তেল সংগ্রহ করছি।”
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ এবং কোম্পানি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে না। যে সুযোগ কাজে লাগিয়ে ভারত ছাড়মূল্যে রাশিয়ার কাছ থেকে প্রচুর অশোধিত তেল কিনছে।
ভারতের যেসব শোধনাগার ছাড়মূল্যে রাশিয়ার কাছ থেকে ক্রুড বা অশোধিত তেল কিনছে তাদের অন্যতম নায়ারা এনার্জি। যার ফলে কোম্পানিটির এপ্রিল-জুন ত্রৈমাসিকে রেকর্ড ৩৫৬ কোটি ভারতীয় রুপি লাভ হয়েছে।
আপাত লাভের এই ফল নায়ারা এনার্জির পরিচালনা পরিবেশ নিয়ে উদ্বেগের উপর চাদর চাপা দিয়ে রেখেছে বলে মনে করে রয়টার্স।
গত এপ্রিলেই বেশকিছু ব্যাংক ও শিল্প সূত্র রয়টার্সকে জানিয়েছিল, কিছু বিদেশি ব্যাংক এবং ভারতের এইচডিএফসি ব্যাংক রাশিয়া থেকে তেল আমদানির জন্য ট্রেড ক্রেডিট দেওয়া বন্ধ করেছে।
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বাস্তবায়ন শুরু হওয়ার পর প্রধান অর্থনৈতিক কর্মকর্তাসহ নায়ারা এনার্জির কয়েকজন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্মকর্তাও কোম্পানি ছেড়ে চলে গেছেন।
কেন তারা চাকরি ছাড়ছেন সে বিষয়ে নায়ারার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
